Thursday, 15 June 2017

মেঘদূতের মাসঃ অনুবাদ কবিতা

Image result for abstract rain photo

(কৃষ্ণসাগরের তীরের দেশ বুলগেরিয়ায় ১৯৮১ সালে জন্ম ইভাঙ্কা মোজিলস্কার। তাঁর প্রথাগত পড়াশোনা চলচ্চিত্র নির্মাণ বিষয়ে। নিয়মিত কবিতাচর্চায় ২০০৪ সাল থেকে এযাবৎ তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে। কবি এবং তাঁর ইংরেজি অনুবাদক অ্যাঞ্জেলা রোডেলের সহায়তায় কবিতাগুলির বঙ্গানুবাদ করা হল)  

Image result for ivanka mogilska

ইভাঙ্কা মোজিলস্কা 

সে দিনটি জলে মিশে যায়

সে দিনটি জলে মিশে যায় 
এক গ্লাস জলের মধ্যে সামান্য ভিটামিনের মতো
যা কেউ ভুল করে টেবিলে রেখে গিয়েছে 

এটা থেকে বুদবুদ ওঠে 
শান্তভাবে গার্গল করে
কাছাকাছি কেউ নেই যে
তার ক্ষুদ্র অভিযোগ শুনবে
তাই সে চুপ 
বুদবুদ ঘোরে-ফেরে
সামান্য নীচে অধঃক্ষেপ জমা হয়

সন্ধ্যায়, গৃহস্থেরা ফিরে আসে 
আর ঠান্ডা জলটুকু ছুঁড়ে ফেলে দেয় ড্রেনে।


সেলাইছেঁড়া একটি আকাশ চায় ও

ও সেলাইছেঁড়া একটি আকাশ চায়
সেলাইছেঁড়া একটি আকাশ চায় ও
যার প্রান্তগুলোও ফেটে উঠেছে
সেই ফাঁকা দিয়ে যাতে 
ও লাফ দিতে পারে
এবং একটি সুতো ধরে
সবকিছু সামাল দিয়ে 
উঠে যেতে পারে 
শীর্ষে

ভাবো ডার্লিং

ভাবো ডার্লিং
একটু বেশী করে ভাবো
আমাদের বয়স হচ্ছে
কুঁচকে যাচ্ছি আমরা
ব্যবহৃত এক পেন্সিলের সীসের মতো
সময় আমাদের ঘাড়ে ঝুলে পড়ে
হ্যাঙারের মতো 
এবং ঝুলন্ত জামার মতো
আমাদের হাতাগুলো ঝাঁকাতে থাকে। 

(ছবিঃ শাটারস্টক এবং অ্যাকসেন্ট পাবলিশিং)



মেঘদূতের মাসের কবিতা ৯

Related image

শিলালিপি ১
       -তন্ময় ধর

তোমার ঠোঁট থেকে বায়োলজি পড়াতে এসেছে কেউ। আমি নিওলিথ ব্যস্ততার আলোয় তার নাম দেখি নি। লুচি ও মিষ্টান্নের সুস্বাদু অন্ধকারে তার চোখ অনেকক্ষণ আমার চোখের ভেতরে থাকে। এরপর সান্ধ্য হরিণীর ডাক থেকে উঁচুনীচু গন্ধ ভেসে আসে।
পৃথিবীর নিয়ম এর চেয়ে অনেক সহজ। হালকা হাসি মাঝপথে ভেঙে গেলে ঈশ্বরী হয়। রুমালের অহঙ্কারে আমিই বাকিটুকু মুছে দিয়ে আসি। ছায়াশস্যের ভিতরে একটু একটু করে তোমার আলো তৈরি হয়। গভীর রাত্রির ভাতে জড়ো হয় জন্মরহস্যের টুকটাক।
সে রঙ অগোছালো করে তুলছো তুমি। আশ্রয়ের সামান্য নীলচে লোভ থেকে ভেঙে যাচ্ছে লালাগ্রন্থি। পায়ের কাছে মৃত সন্তানের রঙ। দ্যাখো, তোমার হাতের নোনতা দাগটায় একটা ডাকনাম তৈরি হচ্ছে পাথরের ওপর। 

(ছবি: ফ্রেড রাদারফোর্ড )

মেঘদূতের মাসের কবিতা ৮

Image result for abstract rain painting

কাঠের পুতুল
             -সব্যসাচী সান্যাল

পুতুল তোমার শেষ যে না পাই
প্রহর হল শেষ—
             --রবীন্দ্রনাথ ঠাকুর

প্রহর শেষ হল আর আমি বৃষ্টির
ফাঁকে অসম্ভবকে দেখতে পাচ্ছি
সে ভিজতে ভিজতে গাড়িতে পেট্রোল
ভরে নিচ্ছে, এরপর লং জার্নি এর পর
তার না থাকা ভেজা বাতাসের মধ্যে মৃদু একটা
আকার হয়ে দাঁড়িয়ে থাকবে, প্রহর হল শেষ
অথচ কেউ গান গাইছে, গানের জামা নীল
গানের প্যান্টি কালো, গান তার বুক আমার
উদলা পিঠে...আমি আর গান দুজনেই উত্তেজনা
পার করে এসে, শুধু স্পর্শ, শুধু স্পর্শ, চেয়ে
আছি জানলার বাইরে, ওখানে পুতুলের বাড়ি
ওর অনন্তবাগান, ঘাটশিলা, অগাধপিয়ানো...
##
পুতুলের হাতখানি দেখে যাও
পুতুলের রান্নাঘরে সোনালি বৌলে
জেগে ওঠে মাছ। পুতুলই কেটেছে তাকে
আঁশের বাইরে এনে কবিতা করেছে।
ক্ষতখানি দেখে যাও যার জন্য
পুতুল বুনেছে আজ নতুন আঘাত

(ছবি: গিলিয়ান সারা )

Wednesday, 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ৭

Image result for abstract rain painting

রাত্রিকালীন -১
            -রাজা

রাতকে উন্মদ জেনে যারা দূরে সরে গেছে দক্ষ জাদুকরের পোশাকে একদিন তাদের বিস্মৃতিতে ফিরে আসব। কেননা প্রতিশোধ ভীষণ ছোঁয়াচে অসুখ...

আপাতত এই নিসঙ্গতা আমাকে নিয়ে এসেছে এক স্পষ্ট অন্ধকারে। এখানে হস্তমৈথুনরত পাগলকে বুদ্ধের মত লাগে। পাঁড় মাতালের বিলাপকে মনে হয় যুদ্ধ শেষে ঈশ্বরের সংলাপ। এখানে হাওয়ায় ভেসে বেরানো গাঁজা গন্ধ আর বেশ্যার অভিশাপ আমাকেও কিছুটা ধার্মিক করে যাচ্ছে

(ছবি: জুলিয়া আপস্তলোভা )

মেঘদূতের মাসের কবিতা ৬

Image result for abstract rain painting

 বহুধা
        -মণিজিঞ্জির সান্যাল

  আমার অনেক অনেক টুকরো
        সব টুকরো গুলিই আমি
          অথবা কোনো একটি ,
        প্রতিটি টুকরোই আমাকে
             স্পর্শ করে যায় নীরবে
    অখণ্ড থেকে খন্ড
       ভাবনাগুলো নিয়ে খেলা করে
     কখনো বা দুটো ভাগ হয়ে যায়
        খন্ড আর অখণ্ডের মধ্যে
               তীব্র প্রতিযোগিতা
        মূল্যবান খন্ডটা বারবার
           ফিরে আসে আমার কাছে
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
            অমূল্য টুকরোগুলো
ক্রমাগত অবিশ্বাস জন্মাতে থাকে
কতটা কষ্টকর নিজেকে নিজের কাছে
অবিশ্বাস করাটা .........

(ছবি ঃ টেরী স্মিথ) 

মেঘদূতের মাসের কবিতা ৫

Image result for abstract rain painting



জন্মান্তর
            -বেবী সাউ

এইবার শেষ মরাটা মরবো

                            ভাবলাম 
বিলিয়ে দিতে দিতে সব খতম 
যখন 

বৃষ্টি নামল জোরে 
চারিদিকে মেঘের জ্বর 
চারিদিকে হলুদ বসন্ত 
বাজ-চোখ

জ্বরের ঘোরে ওঠে আসছে হলহলে সাপ 
জ্বলন্ত শলাকায় আঁকা হচ্ছে 
জন্মের শোক 

আহা জন্ম ! 

কোথায় কোন নিষেধের রঙ 
লেগে আছে 
কোথায় কোন পঞ্জিকার পাতা

( ছবিঃ যোয়া) 

মেঘদূতের মাসের কবিতা ৪

Image result for abstract rain


আশ্বাস
      - সন্দীপন দত্ত

কী দেব তোমায়? কী যায় দেওয়া?

নদীর দিকে কখনও তর্পণ লিখতে নেই
বৃষ্টিকে দিও না কান্না রঙের রোদ
গাছেদের প্রত্যাশা নেই কারও ছায়া
আর গুম বসে থাকা মেঘকে তুমি
গান শুনিও না ভুলে

কী পারি আর আশ্বাস ছাড়া
কাল থেকে সিগারেট ছেড়ে দেব
পরশু থেকে রাত করে ফিরব না আর
আজ শেষ মদচুমুক সত্যি

এরকম টুকরোটাকরা গুছিয়ে
তোমার দিকে তাকাই
ব্যর্থ অভিশাপের মতো মুখ করে
টেনে নিই বুকে আর ভালোবেসে ফেলি
শান্ত হাহাকারের মতো চুমু আঁকি চুমু আঁকি
কপাল বদলে দেব মধ্যবিত্ত কপাল

তোমার অতীত বদলে দেব
তোমায় তছনছ জীবন দেব
একশ আটতম পদ্মের বীজ খুলে
পুঁতে দেব বুকে আর বাগান হবে
তোমার বেহায়া ক্লান্ত দুখ

আমাদের নেই নেই মাঝে কুদরতের মতো
নামবে কোনও রাতে অকালবৈশাখী
ভেসে যেতে যেতে বলে যাব
সব ঠিক হয়ে যাবে শেষ পর্যন্ত

সব ঠিক না হলে আমার তো কিছুই
থাকবে না আর তোমায় দেওয়ার

(ছবি: বারবারা হার্মস )