Sunday, 10 September 2017

আশ্বিনের কবিতা ১৪

Image result for abstract painting latvia

তবুও তো ছিলে 
                    -মণিজিঞ্জির সান্যাল 

        তবুও তো ছিলে
 দেখা হোক বা না হোক,   কথা হোক বা না হোক
  তবুও......
মনে  হতো এই তো তুমি আছো, আমার কাছেই
আজ তুমি অনেক দূরে, বহু দূরে
চেনা গন্ডীর পথ ছাড়িয়ে আমার চোখের আড়ালে
কোনোদিন আর বলবে কি 'কেমন আছো ?'
 ' তোমায়  কি মিষ্টি দেখাচ্ছে ! '
জানি আর বলবে না কোনোদিন
তোমার স্বর ওই দূরে বহু দূরে,
সেই মেঘের দেশে
যেখানে তুমি ভাসতে চেয়েছিলে,
আমায় বলতে  ' পাহাড় আমার খুব ভাল লাগে জানো ?কিম্বা বৃষ্টির কথা শুনেই বলতে
' আঃ ভেসে চলে গেলাম তোমার  বৃষ্টির কাছে '
আমি বলতাম ' মেঘ হয়ে উড়ে এসো আমার কাছে ,
বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও আমার অভিমান '
তুমি বলতে 'এই তো আমি, তোমার পাশেই '
কার কাছে আর এসব কথা বলি বলতো ?
এই বৃষ্টির কথা,
আমার পাগলামোর কথা,
তুমি তো সব অভিমান জড়ো করে চলে গেলে অনেক দূরে
বহু  দূরে ...............

(ছবিঃ কাও তুয়ান)

আশ্বিনের কবিতা ১৩

Image result for abstract painting latvia

প্রিজম
            -পাপড়ি গুহ নিয়োগী

মাঝ রাতে শব্দ যখন আগুন লাগায় আমার মানচিত্রে। তখন শূন্যতা জন্ম দেয় কলম ঘষে ঘষে। গোপনে চলন্ত ট্রেন হয়ে ছুটতে থাকি খোলা শব্দের মাঠে।যেখানে নৈঃশব্দ স্নাত হয়ে যায় তোমার নামের ভেতর।শুধু ব্যারিকেড সাজিয়ে বসে থাকি, তবুও খাতার বুকে কোন শব্দযান নেই।

অথচ জীবনের অন্য প্রান্তে অনায়াসে চোখ আটকে যায় নীলে।

(ছবিঃ মার্ক রোঠকো)

আশ্বিনের কবিতা ১২

Image result for fernando torterolo

জিনের আত্মকথা
                          -অভিজিৎ মহন্ত


তবু যেতে চাই ফিরে আসা দরজায়
শরীর জাপ্টে বেঁধে থাকে সরীসৃপ
রাত বারোটায় এক্সেল ভাঙে ঘরে
তুমি গিরগিটি হলে শুধুই বদলে জিন...

শুধু জাত – প্রতিবাদ ভিন্ন যুগের চাকা
রাতের পথে  তারাদের উকি উকি
আমার চিবুক ভেজে ঘামের অজস্র স্রোত
টুকিটাকি গল্প হয়নি রাতের শেষে |

শূন্য আমি শূন্য চৌকাঠ
একলা বসে আমার মা রাঁধে
তারপাশে যদি মেঘের মত ছাতা
পারবে তুমি বৃষ্টি হয়ে সাথে ,

আমার বাড়ি আমার মাটির পাশে
শূন্য একতারা ...বাউল নিত্য দিন
কেশব মজুমদার ফিরে আসুক একবার
ল্যাম্পপোস্ট থেকে ছিটকে আসে জিন

আমরা শুনেছি উদজান পথের ভাষা
একটি ঘড়ি অসময়ে ঢং ঢং !!
আমরা সাইড ব্যালেন্স গুলি হারিয়ে ফেলেছি কবে
শুধু  বৃষ্টি আসে শরীর লোমের পাশে |

একটি কাঠ ধোঁয়াশা হয়ে ওড়ে
একটি নদী বাষ্পে নিরাকার
কবর ফেটে একটি দেহ যদি
ব্যাপন প্রক্রিয়ায় উড়ে যেতো মহাকাশ

( ছবি ঃ জো সুযি) 

আশ্বিনের কবিতা ১১

Image result for abstract painting bolivia

পদক্ষেপ 
               -অনিন্দিতা ভৌমিক


তার কথা ঘিরে থাকছে আমাকে
বিঁধে থাকছে আঠারো মিনিট সময়
#
অথচ ভবিতব্য তো একটু হতেই পারতো। হতে পারতো একটা গোল বারান্দার অজুহাত। এলোমেলো চলনে ছিটকে আসা ঘন চটির কাদা। ভাষার গোড়া খুঁচিয়ে লক্ষ করি, তার বেগুনি পাতায় ক্ষিপ্রতা। তার ঘেমো গায়ে জল, তার জলের গায়ে দু’মুঠো বচন ভাসে। বুদবুদ শব্দে মিলিয়ে যায় বাহিরে অন্তরে...
আলগা গল্পে এসে কমতে থাকে বাতাসের অনুপাত। চোখ সয়ে সয়ে তার অবজ্ঞা মনে পড়ে। সারাবছর মনে পড়ে তার ভঙ্গি, তার পেশাদারিত্বের কথা। যেখানে ওষ্ঠদ্বয় মিলিত। যেখানে এক হাতে ছুরি আর অন্য হাত বরফকুচির ভেতর।
মৃদু আদেশে ঘাপটি মেরে থাকে।

( ছবিঃ উইলেম দে কুনিং)

আশ্বিনের কবিতা ১০

Image result for abstract painting estonia



হয়তো  রোববার 
                            -প্রদীপ চক্রবর্তী

এক /

বৃষ্টি মিশেল....

দুপুরে রসুই  গন্ধ
সেদিন  কিছু   অন্য রকম       বরখা...
         
############

তার মেঘলা  মুহূর্ত -   পহর  ঘ্রাণ
লাউপাতা মুড়ে  নারকেল  কোৱা অল্প  চিনি  নুন  হলুদ  গুঁড়ো
রাইসর্ষে ইলিশ  যেন পোয়াতি পেটের সোহাগ  মাখানো

#############

শব্দে   এটুকুই  ধরতাই ...এটুকুই  শ্বাশত  বাসনা  কুসুম
কেয়ূর  -  চন্দন  কিরণমত্ত তিমিরে  গাঢ়  স্বাদ  -  বিলাসিনী
ফি  রোববার দুপুরে তপন  থিয়েটার  কিংবা   বিলকিশ বেগম  ...

############

কোথায়  সেই হারানো মুহূর্ত  শঙ্খলাগা ,
                                            কাঙাল  মালসাট ?
আদবে ছলনাময়
প্রসাধনে  দেহটি  শোয়ানো  ছিলো...

সেদিন বৃষ্টি মিশেল পঞ্চশির নাগদেবতার শব্দ, ব্রহ্ম  নির্যাস
কলাই করা থালা থেকে একটু একটু চুমুক  দিয়ে খাও
দেশ বলো নদী কিংবা গ্রাম  ...
লহমায়  আজ ভিজিয়ে  দেয় অলৌকিক  বৃষ্টি উৎসবে
গহ্বরে  মিলিয়ে  যায় স্বর  ..., স্তব্ধ শ্বাস ,
                               নিমেষের আদিখ্যেতা...
কুহকিনী পটুবাক ...বিনষ্ট বিষের  লিবিডোকে
নাশকতায় বাজাবে  না আর ...
            মৃদু অর্গানে  বাজাবে না কেন  ?...

দুই/

শবরী জমে  গেলো আগেকার | শুধু  শবরী নামের  রকমারি  গন্ধ   রটে যাচ্ছে...

############

ধ্বংসের  প্রক্রিয়া  শুরু  | পীড়ন  হলো    রৌদ্রকণা |  আওপাতালি ভরা  দূর পরাহত  পরকীয় ডানার নস্যাৎ

############

পেছনে  গোলাপীবালা  বাড়ি | রোববারের  গ্রামোফোন আঁকা দরজা  |   মশলাধোয়া জল  | যৌনস্বাদ সে ইশারা  চেটে  নিতো  জিভ  ...

#############

ও  কেবলই জ্বরাতুর  | জলে অধীর  অথির নয়ন রুচি  চক্র  | তোমাকেই  দেখবে  বলে হঠাৎ  ভীষণ  ফাঁকা  পরিত্যক্ত  রাস্তার  উপর  আজ দাঁড়িয়ে  আছে

#############

হাতের  বাঁধটুকু আলগা  হয়ে পড়ে অসাড়ে  ...
টের পাই আরেকবার ,
কায়া সাধো কায়া সাধো মাদল  বাজছে
             আর রোববার হতে  চাইছে  না ...

(ছবিঃ মার্ক চ্যাডউইক) 

আশ্বিনের কবিতা ৯

Image result for abstract painting estonia

শিলালিপি
                 -তন্ময় ধর              

সে উত্তাপে ঈশ্বর খুব আস্তে আস্তে হাঁটছেন। শব্দের শুকনো পিপাসার ভেতর ফেনার মতো তুমি প্রতিবিম্ব ভেঙে ফেলছো। জলের ভঙ্গিমা থেকে খুলে যাচ্ছে ভুলে যাওয়া জীবাশ্মের রঙ। স্বাভাবিক মাংসের শূন্যতা থেকে পর্যটকের গোলাপী ভাষা খুলে ফেলছো তুমি।

ঈশ্বরের লাফ থেকে বর্ণপরিচয় শিখছে জল। স্বরবর্ণে বড় দীর্ঘ নদী ও বালিহাঁস। আর ব্যঞ্জনবর্ণের জন্য ছুরি, মশলা ও আগুনের দিকে আমরা একসাথে হাত বাড়িয়েছি। ভূতত্ত্বের নীচে জমা হচ্ছে দুধ, রক্ত, জন্ম ও মৃত্যু। নিঃসন্তান এক গুহার ভেতর ঘুম আসছে আমাদের জন্য। 

ঘুমের ভেতর আমরা ভুলে যাচ্ছি মুখে লেগে থাকা আলো, শাকভাত, মিষ্টান্ন ও ঘষা পাথরের স্বপ্ন। শর্তের কাহিনিতে সতেরো হাজার বছর ধরে স্থির হয়ে আছে চোখ, এঁটো হাত, আলজিভ, কোষপর্দা। আশ্বিনরঙা জলের ওপর অপেক্ষা করে আছে প্রথম শিকলের শব্দ...   

( ছবিঃ ওমর ওবেইদ) 

আশ্বিনের কবিতা ৮

Image result for abstract painting romania

পুতুল সিরিজ ১৪
                 -সব্যসাচী সান্যাল 

সে মৃত্যু, সে ভদ্রমানুষ, তার কালচে সবুজ নেকটাই
সে হাসপাতালের জানলা গ'লে এক ঝলক নুসরত
ফতে আলি খান। মেদিনী তার বৌ, কটা চোখ
ভারী মাই, কোমরের থাকে ডায়নামো...
###
পুতুল অপেক্ষা করে
কে তার ভাতারের হাত ধরে টেনে নেবে
ডাঁটো ও ভালগার জনারের ক্ষেতে, আর সে লম্বা
আঙুলে আঁকড়ে ধরবে বিছানার চাদর
অথচ শান্তি—
রোঁয়ায়, চামড়ায় গেড়ে বসা ফিতেয়, বেল্টের দাগে
খুলির ভেতরে ঢেউহীন জল, জলে চাঁদ
ঠান্ডা ফসফরাসের গোলা...

আর শুধু ঘুম ভেঙ্গে একবার ডেকে ওঠা কাক
#
পুতুল আমাকে ভাঙ্গে
সে'ই মেরামত করে।-- নেহাইয়ে শুয়ে
দেখি আকাশ এক বিপুল হাতুড়ি, পুতুলের
ছোট্ট মুঠিতে তার প্রকান্ড হাতল...

( ছবিঃ রোমুল নুটিউ)