Sunday, 10 September 2017

আশ্বিনের কবিতা ৭

Image result for abstract painting romania

আত্মগোপন
             - অভিশ্রুতি রায় 

 পুরোটা গড়ে তোলার আগেই
হেরে যাচ্ছি দেওয়ালের খসে
 পড়া থেকেও বেশি করে

ওঠার চেষ্টায় বালির গন্ধটা ভারী হয়ে উঠছে ক্রমশ

আমি আটকে থাকতে পারছিনা কেরোসিনের অবাধ্য গলনাঙ্ক ধরেও

পিছু পিছু এই পিছলে পড়া

আমি শক্ত হয়ে নেই আর
তাই তরলের রেখা ধরেই এই আত্মগোপন

আমি জীবন্ত হতে পারবোনা
তাই  জীবাশ্ম নামেই বেঁচে আছি তোমার পাললিকে

(ছবি ঃ কনস্তান্তিন ফ্লোন্দর )


আশ্বিনের কবিতা ৬

Image result for abstract painting portugal

হঠাৎ আলো নিভিয়ে দিলাম
                  - অনিন্দিতা গুপ্ত রায় 

খুব জ্বরের মধ্যে ক্ষমাপ্রবণ হয়ে ওঠা দুপুর থেকে
গড়িয়ে নামলো এমন এক অবজ্ঞা যে
নেই করে দিতে কোনো কষ্ট হলোনা আর এযাবৎ
মিথ্যে স্তোকবাক্য, পরস্পর বিরোধী যাবতীয় আলোছায়ার চাতুরি
এখন আর কেজো কথায়
জিভ শুকিয়ে বা চোখ ভিজে উঠছে না
একটা রাস্তা এমনভাবে পড়ে ছিল আড়াআড়ি
পাশ কাটিয়ে যাওয়া মানে মৃত্যুস্পর্শ আঁকা মনে হত
সে কি আসলে খোদাই করা হাসিটি
প্রকৃত নিরাসক্তি ঋতুবদলের মধ্যে রঙ ধুয়ে নিচ্ছে
সীমাবদ্ধতার অন্ধকারে অন্যরকম তুমি
যাকে ফেলে যাচ্ছ ভাবছ সে তোমাকে
অনেক তফাতে রেখে হাততালির শব্দে মিশে আছে ভিড়ে

( ছবিঃ হুলিও পোমার ) 

আশ্বিনের কবিতা ৫

Image result for abstract painting thailand


বিশ্রাম-গভীর চোখ 
                      -হাসান রোবায়েত


যদি শস্যের নীলিমায়
তোমার সন্তান-চোখ
ফিরে পায় স্নানঘাট, দুকূল
 শঙ্খের ধ্বনি

ঐ অতিধীর বনে
গুল্মতাড়িত মেঘ উড়ে গেছে
মন্বন্তরে—
যে যায়—অদৃষ্টের হাহাকার
 তাকে ফেরায় জন্মধূলায়!

পথের এতোটা শেষে, আজও
চলে যাওয়া আছে অগ্নি ও
অধিগমনের দিকে—

( ছবিঃ মো টুনকে )

আশ্বিনের কবিতা ৪

Image result for abstract painting thailand

প্রতিবর্ত
         -বেবী সাউ 

অভিমানে খাট ঘুমিয়ে পড়েছে বলে
আলো মৃদু সুরে গুছিয়ে তুলছে
এঁটো বাসন আর খুন্তির টুকিটাকি

দূরে এন এইচের শব্দে গাঢ় হচ্ছে
বিকেলের যাতায়াত
ভুলে যাওয়া লকারের চাবি

স্রোত চিনি না
পাড় চিনি না

কালপেঁচার ডানায় ভরে আছে
জন্মান্তর ক্ষত চিহ্ন

পড়ে আছে

( ছবিঃ এনজো মোদোলো) 

আশ্বিনের কবিতা ৩

Image result for abstract painting thailand


নাট্যরূপ
             -অভ্রদীপ গোস্বামী 

বহুদিন পর দেখা হলে
ঝুঁকে পড়তে শুরু করো তুমি
তোমার শরীরী পোশাক ভুলে যায়
সূতো বানানোর সহজ নিয়ম

আমি তোমাকে দেখি
কাছাকাছি আসি বা আসি না
বহুদিন পর দেখা হলে
কাছাকাছি হাতের তালুরেখায়
খুঁজি বোধহয় খিলি পানের সোহাগ
লিপি ফুলের গন্ধ আদর


বহুদিন পরও যেদিন
তোমার সাথে দেখা হয় না আর
আমি ঘরে ফিরি
বন্ধ করি কাঠের দরজা
দেখা আর হবে না কোনদিনও জেনে
সূতোর বদলে তুলোয় ভর্তি করি
সমূহ গুনাহ। খোলাচুল।

( ছবিঃ প্রাচা যিন্দী)

আশ্বিনের কবিতা ২

Image result for abstract painting iraq

উপাসনা 
           - বিপ্লব গঙ্গোপাধ্যায় 

অপেক্ষা খুলতে খুলতে এক সময়
শ্যাওলা ধরা আঙুলে  উঠে আসে  চুড়ির শব্দ
নূপুরের প্রতিবেদন
আর ধুলোট চোখে নদীপথের ইশারা ।

অন্ধকার কাদা হয়ে শুয়ে আছে ঘুমে
তাকে জাগাতেই হবে আজ
সে জাগলে  কয়েকলক্ষ প্রজাপতি উড়ে যাবে বারান্দায়
সে জাগলে স্তব্ধ নিঃশ্বাসের পাশে  একটি নক্ষত্রতিল ফুটে উঠবে
সে জাগলে চোখের সমস্ত দিব্যতায় টুকরো টুকরো হয়ে যাবে
চশমার অব্যর্থ আয়োজন

আমি  অনন্তকাল দাঁড়িয়ে আছি অপলক ।

(  ছবিঃ গাসান গালিব )

আশ্বিনের কবিতা ১

Image result for abstract painting iran


নির্বাক
     -রঙ্গন রায়

চুপ করে বসে আছো পাশে
অনেকক্ষণ কথা বলার পর এমন হয়
কথা খুঁজে পাচ্ছিলামনা আমরা দুজনাই,
নির্বাক এগিয়ে যাচ্ছে বাস -
দুপুরগুলো ঢুকে পড়ছে পাখির ডাক সহকারে ,
দুটি শিশুর কাদামাখা শরীর পেরিয়ে গেলো এইমাত্র
টিউবওয়েলের পাড় ...
একটা - দুটো খুচরো দৃশ্য পেরোতে পেরোতে
ভাদ্রমাসের দূর্গা দেখে
মাটির সাথে কথা বলা শুরু করলাম।

(ছবিঃ তারানে ইব্রাহিমি)