Monday, 7 August 2017

নভস্যের কবিতা ৫

Image result for abstract painting mexico

প্রতীক
     - নীলাব্জ চক্রবর্তী




ক্রমে ইঙ্গিতগুলো ছাড়িয়ে ফেললে বেরিয়ে আসতে থাকে ভাষার হাড়গোড়। সম্পর্ক নামের একটা আয়নার ভেতর দিয়ে পর্দা গাঢ় হয়একটা পর্বের নাম স্খলন রাখছে কোথাও। রোল করছে। ভালবাসতে-বাসতে বড়জোর গাছ। কখনো স্মৃতি অবধি সরলরেখা হচ্ছে কেউ। পোশাকের ভেতর ছেড়ে আসা ঋতুবোধ যতদূর। কোলের ওপর ফেলে রাখা ওই সময়টা কুঁকড়ে যাচ্ছে আর বৃষ্টি আসার আগেই বাসা থেকে দলে দলে বেরিয়ে পড়ছে পুরনো হরফসারারাত ধ’রে তামাকক্ষেতের ওপর বৈধ প্রতীকগুলো এভাবে ওড়ে। আরও কিছুটা লম্বা হয়ে ওঠে দিন। আমি খুব সাদা জামা সিভিলিয়ান লক্ষ করি দরজা-জানলার মাপ, সবুজরঙা ছাউনি, কংক্রীট পিলার থেকে বেরিয়ে আসা এবড়োখেবড়ো রিইনফোর্সমেন্ট রডের জং...

(ছবিঃ আইয়ান পামার) 

নভস্যের কবিতা ৪

Related image

বাদামি অংশ থেকে
                        -অনিন্দিতা ভৌমিক

এভাবেই প্রত্যেক সিদ্ধান্তের শেষে
নিজের মুখ বুড়িয়ে যেতে দেখি
চিবুকের উপর গালের দাগের উপর
ছিটকে আসতে দেখি রোজের নির্দেশ
পায়ের দিকে যে শরীর গুটিয়ে রাখে
বুক থেকে খুলে রাখে ঘোলাটে নীল চোখ
#
অকারণ এই ভ্রমণ
ঘরে ঢোকার শব্দ নিভিয়ে দেয়
মাথা কাত করে দেয় ঘুমন্ত কফির কাপে
আমি তার পেটে হাত ঘষে দিচ্ছি
বিদেশি ভাষার কাছে ফেরত চাইছি
তার প্রকাশ্য ক্ষত
#
আমার পাতলা স্মৃতি
লেগে থাকছে মগজের কোষে
আমার গোস্তের টুকরো শুকিয়ে চড়চড় করে

(ছবিঃ পল জেনকিন্স)


নভস্যের কবিতা ৩

Image result for abstract painting mexico

স্টেশনে সকাল থেকে আড্ডা দিচ্ছে যে যুবক
                                                      -অনিন্দ্য রায়  

ট্রেন অপরিচিতের মতো চলে যায়, স্টেশনে দাঁড়ায়
টিকিট এখন আর আগে থেকে ছাপা নয়
           যেন সব সম্পর্ক, সব যাতায়াত এইমাত্র রচিত হচ্ছে
কোনোদিন ছিল মোটা হলুদ কাগজে সামাজিক, পূর্বনির্ধারিত
মনে পড়ে, সেই রোগা টিকিট চেকার
চা-অলা, ওই ধূপ বিক্রেতা প্রকৃত অন্ধ কিনা
এবং প্রতিটি ভিখারির নাম নিশ্চিত কানাই
                  সবাই কমবেশি চেনা, না হলেও চিনে নেওয়া যায়
শুধু এতগুলি চাকা, জানলায় এত এত অবিশ্বাসী মুখ
একখানি আস্ত রেলগাড়ি চেনার প্রতিভা নেই আমাদের, নেই  
 #
ট্রেন ছাড়বার আগে হুইসল দেয়, প্রাণপণে
আগে কোথায় শুনেছি যেন
#
কোথাও কি দেখা হয়েছিল

(ছবিঃ ট্রেসি বোনিন)

নভস্যের কবিতা ২

Image result for abstract painting mexico

বাতিল  অসুখ 
                -বিপ্লব গঙ্গোপাধ্যায় 

নিজেকে দেখার জন্য উৎসুক হয়ে আছে  বন্ধ জানলা
তবু দরজা তালাবন্দী  অপারগ ভাঙার অভ্যাসে
চৌকাঠ নড়ে উঠল অচেতন  বিধ্বস্ত আলোয়
ফিনফিনে অন্ধকার  মিহি  চোখে চেয়ে আছে
গাঢ়  লালসায়
বিক্ষুদ্ধ চিরকুটে  তোমার কৈফিয়ত

 আয়নায় মেলে দিচ্ছে অবয়ব  কার ?
এপার ওপার ফেরিঘাট
নিজেই নিজের শব বয়ে নিয়ে যাচ্ছে সময়
বাতিল অসুখগুলি  মাঝে মাঝে  আলো পায় , জল পায়  ভালোবাসা পায় ।

(ছবিঃ সান মিগুয়েল দে আলেন্দে)

নভস্যের কবিতা ১

Image result for abstract painting mexico


স্তবক

       -অভ্রদীপ গোস্বামী 



আমার স্তবকগুলি বৃষ্টিফোঁটার মত ঝরে পড়ছে
দুলতে থাকা পাতার সরু শিরা বেয়ে
গড়িয়ে পড়ছে
একটি স্তবক নামছে পাহাড়ি জানালায়
মেয়েটির খুলে রাখা খুলে রাখা কোথায় যেন
একটি স্তবক খুঁজছে ছন্দ যতি ললিতকলায় গভীরতা
একটি স্তবক স্কন্দকাটার মত কেটে আনছে রস অলংকার
সবকটি জমা হচ্ছে একটি সাদা খাতায়


আমার কৈশোরের আরাধ্য নৌকাটি
আঁকছি শেষ স্তবকে
ভেসে যাব
যেমন ভেসে গেছে আমার স্তবক স্তাবকের
বৃষ্টিফোঁটায়।
কোথায় যেন কোথায় যেন
পাহাড়ি গাছগাছড়া আর তোমার জানলায়

(ছবিঃ মাইকেল জেমস) 

Tuesday, 11 July 2017

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৮

Image result for abstract painting latin chilean painter

পাখিদের সংসার
                   -তন্ময় ধর

পাখিদের সংসারের ভেতরেই
একটা ধূসর শব্দ ঘুমোতে আসে।
আমরা পাশ ফিরি
খালিপেটে তীব্র এক নক্ষত্রকে গিলে ফেলি
ভেঙে পড়া শব্দচূর্ণের ভেতরে ডেকে ডেকে
ঘুমের স্থান নির্ধারণ করে পাখি
আয়নার সংসারে ঠোকর দেয়
আমাদের ডিম ও মাংসের ভিতরে ঢুকে যায়
 ব্যর্থ এক রন্ধনপ্রণালী
দুধ-গাছ, দুটি পাতা, গাঢ় তরুক্ষীর
আরো অব্যর্থ এক ব্যাধপ্রণালী
একটু উড়ু উড়ু
সর্বনাশ বলে' আমরা পালক গুছিয়ে রাখি
বহিঃস্থ আকাশে

ছবিঃ রবার্তো মাত্তা

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৭

Related image


নির্বাসন
    -অনিন্দিতা গুপ্ত রায়

ক্রমাগত রিফু করতে করতে হাঁফিয়ে উঠেছিলাম
তাই সুঁচসুতো হারানোর গল্পে আলো নেভাই
অতঃপর ঝুলি থেকে বেড়াল বেরোয়, সাবধানী--
তাকে ডেকে মাছ দিই, দুধভাত মেখে দিই হাপুসহুপুস
খেয়েদেয়ে থাবা চেটে সে লাফায় গলার দিকেই
আমারই কণ্ঠনালী ছিঁড়ে নিতে আসে
তার দিকে আলতো হাতে নামিয়ে দিই হাসির দোলনা
জ্বর আসে খুব, ঘুম আসে---মৃত্যুস্পর্শ
এক অসমাপ্ত লিখনপর্বের দিকে চলে যাওয়া থেকে যায়
অনিচ্ছুক জানলা ছুঁয়ে ফিরে আসার মধ্যে









ছবিঃ ক্যারাইন স্বেনসন