Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ৪

Related image

তুমি চলে যাওয়ার ঠিক আগের মুহুর্তে
                                                     -শিবু মণ্ডল 

তুমিই পারো উত্সবের বিপরীতে
এমন একটি যাত্রায় যেতে
যেখানে কোনো মহাঅষ্টমীর অঞ্জলি নেই
নেই একশআটটি পদ্মে সাজানো কোনো মন্ডপ
তবে যাত্রাপথে তুমি পাবে স্পিড ব্রেকার
পেরোবে গুটি গুটি পায়ে
ডাহুক পেরোনো একটি খোলা রেলগেট

ইচ্ছে হলে থেমে যেও রেললাইনের ধারে
শুকোতে থাকা নয়ানজুলির পাশে
বুকে ভরে নিও ক্রমশ মজে যাওয়া ঘাসের ঘ্রাণ

আমি ছেড়ে দেব তোমাকে নির্জনে

তুমিই পারো যেতে এমন একটি অবৈধ যাত্রাপথে
জামার পকেটে গতরাতের চুপসে যাওয়া বেলুন
কোল জুড়ে কুমারী কন্যার ঘুমন্ত ছোঁয়া

তুমি চুপ করে পেরিয়ে যাবে আমবাড়ি বিটঅফিস
ভালো করে খেয়াল করার আগেই
পেরিয়ে যাবে একটুও শব্দ না করা অবৈধ ট্রাকটি
যাকে তুমি বহুবছর আগেও দেখেছিলে একইরকম

ছায়ালতাপাতামোড়া নির্জনে


(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


হিমেল মাসের কবিতা ৫

Image result for m c escher


পুনর্জন্মের রিহার্স্যাল 
              -তন্ময় ধর 

ফ্লাশব্যাকে আমিও কিছুটা কাগজ ছুঁড়ে ফেলে দেব
দাহ্য লিপি বেয়ে উঠবে প্রাচীন মাংসে
জমে ওঠা পিঁপড়ের ইঙ্গিত
রক্তপাতের স্বপ্নে কেঁপে ওঠা রাগ চন্দ্রকোষ

এই নিদ্রিত আমিত্বে চন্দ্রদোষ ছিল
তীব্র লেভেল ক্রসিং পেরনো হরিণীর ডাক থেকে
ছায়াপথ ও কশেরুকা, আমার স্নায়ুতন্ত্র সাড়া দিচ্ছে না
ক্রমশ গলে যাচ্ছে নিখিল ব্যানার্জীর সেতার

শাকেভাতে, সোনালী আলোয় কেউ ফেলে গিয়েছে
বিশুদ্ধ অন্তরা, দুধ-মাংসের বিরুদ্ধ খাবার থেকে
আমি ম্যাজিকের শব্দে ঘুমিয়ে পড়ি
তোমার মত অভিনয়ে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


হিমেল মাসের কবিতা ৬

Related image

স্মৃতির  চৌকাঠে 
                        -উমা  মন্ডল


কতখানি  সময়  আড্ডায়  মেতে  আছি  জানিনা
ভাবুক  চোখে  দেখাই  রিস্টওয়াচের  দিকে , একটি  কবিতা  পড়ার  পর
অন্য  কবিতায়  যাওয়ার  এই  সময়কালে
 পান  করে  নি  একান্তের  বিলাপ  ;
তারপরে  চোখ  বুজে  ঘুরপাক  খাই
আহ্নিক  গতিতে  ডিঙিয়ে  যাই  জলকুমারির  বাঁধ ।


তবুও  হাহাকার , দিনে  রাতে  অসহ্য  ক্ষুধায়
  জিভ  থেকে  লালারস  বেরোয় ,
অসুখের  বীজ  শিকড়  তুলে  ডাকে
একটা  গিঁট  খুলতে  গিয়ে  জড়িয়ে  পরি  জাঁতাকলে  ;
তারপর  রক্তারক্তি  কান্ড
ক্ষুধা  বাড়তেই  থাকে , এই  আগুনকে  রুমালে  জড়িয়ে পা  বাড়িয়ে  দিই
যদি  বৈঠা  নিয়ে  আসে  ঈশ্বরী  পাটনী
বোধিবৃক্ষের  তলায়  বিশ্রাম  নেবো .....

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

                                                     

হিমেল মাসের কবিতা ৭

Image result for M.C. Escher


নভেম্বর , এসো 
                      -রঙ্গন রায় 

দেখো অনেক দিন পর আমি ক্লিন শেভ করেছি
এখন আমি সভ্য ভীষণ , তুমি বলো এমন দিনেই আমাকে রোমান্টিক লাগে -
বারান্দায় বৃষ্টি শেষ হয়ে গেছে গত বর্ষায় , তবুও স্বপ্নে তুমি খুব বৃষ্টি দেখো
বৃষ্টিতে ভেজার জন্য তোমার একটি পুরুষ দরকার , খুব মন খারাপ হলেও -
তোমার হাতে মশা কামড়ালে ফুলে ওঠা জায়গায় আঙুল দিয়ে  নক্সা আঁকো
আমি সত্যিই ভীষণ অস্বস্তিতে পড়ি -
বান্ধবীরা আমায় কাপুরুষ বলে চলে যায় , আমি কালপুরুষ শুনি
কোমড়ে অসি নিয়ে তারকা খচিত এক দুর্দান্ত পুরুষ!
শিউলি ফুলের মত অক্টোবর  ঝরে পড়ে ,
তোমার শুকনো ঠোঁটের মত শীত আসে
এখনও তুমি প্রতিদিন শ্যাম্পু করবে , আর আমি গন্ধ খুঁজে পাবো আমার পাড়ায়!
এখনো তুমি শাসন করবে রাত করে বাড়ি ফিরলে , ঠান্ডা লাগালে -
আর আমি চিৎকার করে তোমায় ডাকলেই মায়ের মত বলবে , 'এই তো আমি'
অথচ চেঁচিয়ে চেঁচিয়ে ভালবাসার কথা বলা হলোনা কোনোদিন -
তুমি জানো , ভোরের প্রথম আলোর গন্ধ ফুঁটে উঠলেই
আমি ফিসফিস করি , গালে হাত বুলাই , তারপর ফের পাশ ফিরে শুয়ে পড়ি

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

হিমেল মাসের কবিতা ৮

Image result for M.C. Escher

শীতের চিঠি 
                    -দ্বৈতা হাজরা গোস্বামী

গায়ে কমলার গন্ধ শীত বসে আছে বারান্দায়
পায়ে তার আঁকিবুকি ছায়া কাটে সোহাগ রোদ্দুর
এমন বেয়াড়া সে যে বেলা করে বাজারের পথে
যেখানে ছড়ায় মায়া লাল বিট , সবুজ পালং
মাছভাজা দ্বিপ্রহর , দ্বিপ্রহর ভুনি খিচুড়িতে
পাতে বেড়ে মনে পড়ে আহা কত ভালোবেসে খেত
দরজায় দেখো তো কে , পোস্টম্যান কার চিঠি নিয়ে
বহুদিন দেখিনিতো তুমি কি আসবে এই মাঘে ?
চুলে শালিমার গন্ধ , উল বোনে রিনরিনে আঙ্গুল
তার ছোঁয়া পাবে বলে বসে আছে সাধের বেড়াল

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


হিমেল মাসের কবিতা ৯

Image result for M.C. Escher

তসবির 
            - সম্পিতা সাহা

আলো ফেলে গেছে পাখি
আর মঞ্চের সামনে তহমৎ এসে থেমেছে
প্রশস্ত হাসির মতো।
ঠিক এসময়ই তছনছের দাবি নিয়ে আসে চরিত্ররা...

বিকল্প কোনো ইন্তেজার গেঁথে নিচ্ছে ঘুঙুর,
মহড়া শুরুর আগে
আলগা নিঃশ্বাস বৈধ হয়ে উঠবে আরেকবার...

মুখোমুখি ঋণ ও জানালায় ভেসে আসা অমেয় অসুখ
ফিরে যাওয়ায় দায়ী হয়ে থাকে।

তীব্র নিয়তি ফেলে
প্রজাপতি এসে বসে সঙ্গমে...

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )



হিমেল মাসের কবিতা ১০

Related image

কনফেশন
               -পাপড়ি গুহ নিয়োগী



পুরোনো ঘরটায় স্বর্গীয় আলো



ঘাপটি মেরে নিঃশব্দে বসে

চাপা শব্দে জল গোছাই   

তারপর অপেক্ষা



চাঁদ পেতে

          নির্জনে দাঁড়ালে মনে হয়

বরাবরের মত আয়নায়

                  দেখছো আমার সাজ

ইদানীং

গোপনে সমর্পণ করি...আরো

একসময় দীর্ঘ হেঁটে

                দাঁড়াই, গাছের পাশে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )