Sunday, 13 January 2019

হিমেল মাসের কবিতা ১১

Image result for M.C. Escher

বইমেলা
           -সুমনা দত্ত 


কবির কাছে অটোগ্রাফ চায় মেয়ে।
কবি মুচকি হেসে নাম লেখেন।
খাতা ফেরত দিয়ে জিজ্ঞেস করেন,

'কিসে পড়ো?'

মেয়ের কপালে ঘাম।

কবি রুমালের খবর রাখেন না।


প্রচ্ছদ থেকে ভূমিকার দূরত্ব?

ঠিক যতটা পাখির দুঠোঁটে খড়কুটো জমে।

আর সেই প্রচ্ছদ যখন নিয়নে মুখ লুকোয়?

ভিড়ের মাঝে 'আবোল তাবোল' খুঁজে নেয় অটিস্টিক শিশু।



(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

হিমেল মাসের কবিতা ১২

Image result for M.C. Escher

গ্রাফ শীট
              -অনু সঞ্জনা সোম

সারি সারি বাঁশের থাক। এলোমেলো কিছু জল। ছড়িয়ে ছিটিয়ে থাকা মন খারাপগুলো এখন পাখি। বাঁপাশে লেখা শ্মশান। কিছুক্ষন আগেই খুব হেসেছি। আগুনের ফুল্কিগুলো মনে করিয়ে দিচ্ছে স্টাফ রুম জুড়ে ছড়িয়ে থাকা হাসির সেই সব মুহুর্ত। রেলিং ছুঁয়ে শীত। রোদে ধুয়ে যাচ্ছে গোটা মাঠ। কখনো কমলালেবু কখনো বাদামের খোসায় আমরা অবসর জড়ো করছি। ক্রমশ কমে আসছে চায়ের কাপের উষ্ণতা বাড়ছে হাসির গভীরতা।এখন শীত কাল। এক্সাম শেষে এই স্কুলবেলা যেন হাসির ঋতু। আজ স্টাফরুমেরও মন খারাপ নেই। কেউ আজ ছুটিতে নেই যে। নম্বর বাড়ছে কখনো কমছে, ভুল প্রশ্নের উত্তরে গ্রাফ শীটে উঁকি দিচ্ছে ছেলেবেলা।

হাসছি,হাসতে হাসতেই ফিরছি পুরনো ঠিকানায়।

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

হিমেল মাসের কবিতা ১৩

Image result for M.C. Escher

ভুল
     -রাজেশ চন্দ্র দেবনাথ

পোড়া পাতায় বিচ্ছিন্ন রাতের কলপ
জম্পুইয়ে জ্যামিতিক বায়নায় উড়ে আসে
ঝরনার কলকলানি

বায়বীয় ভুলে খুঁতে নিচ্ছে একাগ্রতা
সবকিছু অতীত ভাবনার প্রতিরূপ

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )

হিমেল মাসের কবিতা ১৪

Image result for M.C. Escher

জলের থিয়োরি থেকে
                           -নীলিমা দেব


এই যে আলোর নবান্নে জলের  ফুঁ
আর ফ্রি হচ্ছে অজানার বিশেষ
আমি তাকে রোজ ধারণ করি
আল্টিমেট !
জমিন টেনে আনি  বুকের কাছে ,
নাদুসনুদুস আমাদের বিয়ানো আমানত
তুমি হয়তো নদীর গায়ে জল মুছে মুছে গোল করে ফেলো হেঁয়ালির আসল,
 ভুল ভুল নিঃশব্দের সবটুকু নির্ভুল
নাব্যতার ফ্রেমে সবাক ভালোবাসারা  এভাবেই তো
ক্রমশঃ ...

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


হিমেল মাসের কবিতা ১৫

Image result for M.C. Escher

খর-জিভ
               - সু চক্রবর্তী


প্রতিটি বাড়িতে আঁচড় কাটার পর
অদ্ভুত কিছু ঝুল জমা হয়

বোয়েমে; তালপাখায় পিঁড়ি
বসিয়ে নখ খুঁটে সে।

জিভে মচকে ওঠে নীরবতা

ডগায় চুন
খসে পড়ে
বেইন্তাহহ

না-দেখার পা বাজতে থাকে

(ছবিঃ মরিৎস কর্নেলিস এশার )


হিমেল মাসের অনুবাদ কবিতাঃ সুদান থেকে স্যাফিয়া এলহিলো


Image result for safia elhillo


"যে বালিকারা কখনো মরে না" তাদের থেকে
                               -স্যাফিয়া এলহিলো

একটি বালিকা   বুক পর্যন্ত কবরে চাপা
লাল মাটিতে           তার মণিবন্ধ

মাটির নীচে বন্দী হওয়া
দড়ির ফাঁস  জনতা ভীড় করে

পিতৃত্বের মতো  এর অসীম
হাত   এঁকে ফেলে আলগা বক্ররেখা

একটা পাথর  একেবারেই ক্ষুদ্র
একটি নিক্ষেপে  নাম নিয়ে ফেলে

মৃত্যুর     একক কারণ
নেই  রক্তপাতের জন্য দায়ী

বালিকাটি     অকন্যা         অনামিকা
মুখহীন           কোথাও বংশপরিচয়ও নেই

তার ফোটোগ্রাফ           নামানো হয়েছে
বুকশেলফ থেকে      দেওয়াল থেকে    আর     তার বাবা


ওই হাতগুলোর মধ্যেই     পুরুষ প্রস্তর
কোয়ার্টজ খচিত   প্রথম নিক্ষেপের জন্য তৈরি

হাওয়ায় বৃত্তচাপ তৈরির জন্য   বালিকাদের দিকে
শিকড়হীন এক গাছ       মুখ নেই, ঋজু

এবং সম্ভবত পাথরটি       পালটি খায়
আতশবাজির মত               বালিকাটি

তাদের কুসুম-নিউক্লিয়াস     ওঠে
কালের অলখ দাগে      বৃষ্টির বিপ্রতীপে

শিলাবৃষ্টি ও নীরবতার বিপরীতে
একটু বেশীই লম্বা         এবং অন্যরকম

অন্যরকম      এবং ডানার মর্মরধ্বনি
বালিকার মাথার ওপরে

একঝাঁক     ঘন মেঘের মিশেল
উদ্বিগ্ন পাখিকূল     তিতির আর রাতচরা

এবং সোনালী চড়ুই    আর জলপিপি
আর টিট্টিভ   আর সব জাতের

আইবিস, সারস, গাঙচিল
যদিও সমুদ্র ঢের দূরে     ঢের উত্তরে

এবং মুহূর্ত চলে যায়       অস্পৃষ্ট বালিকা
এবং প্রতিটি পাখির ঠোঁটে   উচ্চারিত হয় একটি পাথর


।। ১৯৯০ সালের ১৬ ডিসেম্বর জন্ম স্যাফিয়া এলহিলোর। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম এবং পড়াশোনা। কিন্তু তাঁর রক্তে-বোধে-চেতনায়-উত্তরাধিকারে গৃহযুদ্ধ-বিধ্বস্ত সুদানের বুকের ব্যথা। এযাবৎ চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর।।

অনুবাদ- সম্পাদক, উষ্ণিক

ছবিঃ WGN Radio

উষ্ণিকঃ হিমেল মাসের কবিতা

Image result for winter sunrise b/w bengal

হিমেল হাওয়া আর মিঠেল রোদ্দুরের সাথে এসে গেল উষ্ণিকের নতুন সংখ্যা। আফ্রিকার সুদান থেকে অনুবাদে এলেন শূন্য দশকের কবি স্যাফিয়া এলহিলো। নিয়মিত কবিতায় রইলেন সোনালী মিত্র রাজেশ চন্দ্র দেবনাথ, পাপড়ি গুহ নিয়োগী, নীলিমা দেব, রঙ্গন রায়, সু চক্রবর্তী, তন্ময় ধর, সুমনা দত্ত, দ্বৈতা হাজরা গোস্বামী, সম্পিতা সাহা, শিবু মন্ডল, জ্যোতির্ময় মুখার্জি, উমা মন্ডল, অনু সঞ্জনা ঘোষ এবং সৌমনা দাশগুপ্ত। প্রচ্ছদের ছবি পিন্টারেস্টের সৌজন্যে।