Sunday, 16 December 2018

মৃগশিরার মাসের কবিতা ১১

estampage-senarath-পারানাভিতানা-palumakichchava-শিলালিপি-Anuradhapura-শ্রী-শ্রীলঙ্কা-chandima-ambanwala-পুরাতত্ত্ব-LK-3

শ্বাসাঘাতের সাম্রাজ্য
                                    -হিয়া


ঘমণ্ডীর অঞ্চলে দাঁড়িয়ে প্রত্যাদেশ
দিচ্ছিলাম,
“যাও গিয়ে সৈন্য যোগাড় কর।“
ইনিয়েবিনিয়ে কথা বলা প্রেমিক
রাগীরূপ ছেড়ে ডিপি বদলাল
ভেলভেটি প্রেমিকার মন গলাতে।
প্রেমিকা ততক্ষণে শীতকালেই চড়ে বসেছে
গ্রীষ্মকালের বাইক-
দ্রবীভূত নোনা জলে প্রেম তখন বিপ্লবী প্রজা
(হে হে, বাকি প্রেমিকেরা মোজা!)
ভুলন্ত মনে সবকিছু শুকোলেও
আঙুর পরীক্ষায় উত্তীর্ণ হয় না সব শেয়াল!
গৃহযুদ্ধ বাড়লে তুর্কীদের দোষ দেওয়া যায়
কী?


(ছবিঃপলুমুকাতুকা শিলালিপি, সৌজন্যঃ শ্রীলঙ্কা পুরাতত্ত্ব বিভাগ)

মৃগশিরার মাসের কবিতা ১০

Image result for old tibetan inscription


অগ্রহায়ণ
                 -তন্ময় ধর

তোমার শ্বাসকষ্টের মতো অল্প শীত
হাঁটতে থাকে

জাতিস্মর এক গন্ধের ভেতরে
অপ্রয়োজনীয় আলোর মুখোশে
মৃদ্‌ভেদী এক মৃত অঙ্কুরোদ্গম

এত জাফরানরঙা
   স্মৃতিকাতরতা থেকে
পায়ের ধানের গন্ধ তুলে নিচ্ছে শূন্যতা

এতই ঊর্ণনাভ-সুখ
দেহের আবাদি শিখছে গর্ভফসলের ওপারে

আমি গিলে ফেলি কালপুরুষ-অভ্যেস





(ছবিঃ সারদা লিপি, সৌজন্যঃ উইকি) 

মৃগশিরার মাসের কবিতা ৯

Related image

আরো একটা শিরোনামে ডাকা যেত
                                           -শুভঙ্কর পাল

আমি সভ্যতার কাছে নুন ভিক্ষে চাই
শিল্পিত আদলের
শীত গাছেদের সেই নতজানু মুখগুলি
ওদের বরফ ভাঙছে নুনের পরকীয়া প্রেমে!
অংশত রোদেদের বারোয়ারী পরবে জানালা কাহাতক খুলগায়ি
সেই বিরাম এঁকে দেবার ঈশ্বরের সেনারা পালিয়ে যাচ্ছে যাহাতক আঁখে
চলতি...।

( ছবিঃ অ্যাসীরিয় কিউনিফর্ম লিপি, সৌজন্যঃউইকি)

মৃগশিরার মাসের কবিতা ৮

Image result for cuneiform script

নির্বাসন 
             -পিয়ালী বসু ঘোষ 


নির্বাসন থেকে ফিরে আমি কি করবো !
ছোট ছোট শহরে বিষন্ন গিটার বাজলেও
ম্যাজিকাল কিছু ঘটবে না

বুকের ভিতরে যে আশ্চর্য ম্যাজিক দেখে,একটা আস্ত যাদুঘর বানিয়েছিলে কখনও
এসো এবছর সেখানে শীত জড়ো করি

এরপর, কখনও বসন্ত আসবে না জেনে
বোকাসোকা আয়নায় তাক করে
একটি মেয়াদোত্তীর্ণ পিস্তল থেকে অবিরাম আক্ষেপ ছুঁড়ি

(ছবিঃ কিউনিফর্ম লিপি, সৌজন্যঃ উইকি)

মৃগশিরার মাসের কবিতা ৭



রোদঘড়ি এবং ছায়ার কিংবদন্তি 
                                           -বিপ্লব গঙ্গোপাধ্যায়  

বর্ধিষ্ণু  বেলার দিকে গড়িয়ে যাচ্ছে  ভাতঘুম 
আলস্য  ঠিকরে প্রশান্তি  এনে দিচ্ছে জন্মান্তর
তার কোন হাতঘড়ি  নেই
সময়ের ফিতে দিয়ে কেউ বাঁধবে না তাকে এই অবেলায়

তবু পৃথিবী  ঘুরছে
রোদ পুড়তে পুড়তে
ছায়ার কিংবদন্তি  ইতিহাসে ঢুকে যায় নিভৃতে

ঘুম
এক পশলা ঘুমের ভেতরেও ছড়ি ঘোরাচ্ছে জাতিস্মর  ছায়া

রোদ নিভে আসছে।

( ছবিঃ খরোষ্ঠী লিপি, সৌজন্যঃ অনুশীলন আন্তর্জাল )

মৃগশিরার মাসের কবিতা ৬



শীতকাল
                -হাসান রোবায়েত



কিভাবে তোমাকে বলি !

শিউলি গাছ বলে কিছু নাই
আদতে সবই ভাষা—

কেশর ফোলা এক লুব্ধক প্রতিদিন আলো ঘষছে এপিটাফে



( ছবিঃ মাইসেনিয়ান শিলালেখ, সৌজন্যঃ আলোর মিছিল আন্তর্জাল )

মৃগশিরার মাসের কবিতা ৫




বেওকুফ
            -পিয়াল রায়


সবকিছু আমি দেরিতে  বুঝি

যেমন ধরো ছুরি থেকে মাংসের দূরত্ব
অথবা
আকাশ হারিয়ে ফেলা বোকাটে পাখিদের

সঙ্গীদের ছন্নছাড়া পালকের মধ্যেও
কী নিদারুণ নিশ্চিন্তে চোখ বুজে
ঘুমোতে পারে  !

এ বয়সে এসেও প্রাক্তন পাখিদের ফুলো ফুলো ঠোঁট
পুড়তে থাকে তামসিক জ্বরে
আর ঝুড়ির ভিতর চলে সমর্পণের মহরত


ছুরি থেকে মাংসের দূরত্ব ক্ষীণ হয়ে আসে

তবু কী অসীম উচ্ছাস
  পাখিদের সাথে পাখিদের

এসব আমি দেরিতে বুঝি

এমন দেরিতে

যখন আর না বুঝলেও চলে

( ছবিঃ মেরোয়াতিক শিলালেখ, সৌজন্যঃ আলোর মিছিল আন্তর্জাল)