Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ১৩

Image result for abstract painting old indian artist


নতুন বাড়িতে 
               -নীলাব্জ চক্রবর্তী


নতুন বাড়িতে
ধীরে
মানচিত্র বড়ো হয়
আর
পাথরের গায়ে পাথর এসে পড়ে
শীতের গায়ে একটা রাস্তা এসে পড়ে
আঙুল ডিঙিয়ে
ফ্রেম অ্যানালিসিস ক’রে পাওয়া কবিতার ভেতরে
খালি পায়ে নেমে যাওয়া শব্দরা
স্থানাংক পাল্টে স্থির হয়ে আছে এখন
ধাতু লেগে থাকা হাতে
সময় খুলে ফেলে
ব্যবহৃত অনেকটা তুলো রাখা হচ্ছে
দিনের যেদিকটা ডিজাইন করতে করতে
পায়রা এসে বসবে
আর কিছুটা হেলে যাবে নতুন কবিতাটার অক্ষ...

( ছবিঃ প্রবীর বেরা )

উত্তরায়ণের কবিতা ১২

Image result for mexican abstract painting


অশ্রুমুকুলে প্রতিবেশী ঈশ্বর
                           -বিপ্লব গঙ্গোপাধ্যায়

কান্না পেলে চোখ মুছে  হাসি হাসি জানলা খুলে রাখি
ঈশ্বরদা আসবেন
আজ
তার পায়ের শব্দে বর্ণপরিচয়ের উপর আঙুলের  ছায়া  দোলে
অ এ অন্ন
আ এ আকাশ
 ভাঙা জানালায়  আলো  টাঙিয়ে দেয় কেউ

চোখের জলে অক্ষরগুলো  ফুল হয়ে  ফোটে
ঈশ্বরদা আমার প্রতিবেশী
অক্ষরের গায়ে পেন্সিল বুলোতে শেখান
ভালোবাসা ।


(ছবিঃ লেওনার্দো নিয়ের্মান) 

উত্তরায়ণের কবিতা ১১

Emotions by Anna Kowalczyk - view in room


স্বপ্ন

      -সুকল্প দত্ত



আমি তো কাউকে শিখতে দেখিনি এই ড্রাইভিং

ঐ হাওড়া-শিয়ালদা ট্রিপ

এও তো এক জার্নি

অনেকে আবার বলে কুঅভ‍্যাস।



আমি কিন্তু ভয় পেয়েছিলাম

হ‍্যাঁ, উচ্চকিত ভয় 

ক্লেশ,উত্তেজনা

প্রথম হাইপোথ‍্যালামাসের কম্পনে।



মধ‍্যরাতের অগ্ন‍্যুৎপাত দিল সব মাটি করে।
                                                               


(ছবিঃ আনা কোয়ালজিক) 

উত্তরায়ণের কবিতা ১০

" Purple rain ☔️ "   Abstract Painting - 50x60 by Mo Tuncay - view in room

পলাশের মাস

           -জ্যোতির্ময় বিশ্বাস











আমি আগে ভাবতাম, আকাশটা মোমের মতো।

আজ, ভাঙলো ভুল। পাখিটা অনেক উঁচুতে

দূরে উড়ে গেলো, ছটফট করলো পাখিসুলভ

সৌন্দর্য্য নষ্ট ক’রে, নষ্ট ক’রে ক’রে আকাশমাত্রা ভেদ ক’রে দৃষ্টির অতীত হ’ল। অথচ আকাশের তিল অংশও ভাঙলো না। আমি ভেবেছিলাম মোমের আচ্ছাদন, কার যেন মিহি কাজ, আঘাতমাত্র ভাঙবে। কিন্তু, কই...













ইঞ্জেকশন নেয়ায় একটা বোধ থাকে

কিছু সেরে উঠবে, ভালোর জন্যই তো...



আর কিছু কিছু সূচ, শুধু শুধু ব্যথা দেয়।









যে স্পন্দন ধরতে শিখিনি,

তা'ও প্রাণ। বিনিশ্বাসের।

অমৃত সংস্পর্শ বয়ে যায়।









আমি আর ক্রুদ্ধ নই। শুধু দুঃখিত।

আমার গানের সমস্ত ভুল রবীন্দ্রনাথের

গানে শুধরানো আছে।









যেদিন সব জেনে যাবো। প্রাণ। নির্বাক হবে। এত দৌড় তৈরি হবেনা। এত দূর তৈরি হবেনা। হু হু থাকবে, কিন্তু বহু থাকবেনা। একমাত্র হব।





(ছবিঃ মো টুনকে) 

উত্তরায়ণের কবিতা ৯

Related image


আশ্চর্য ফুঁ 
              -সুতপা চক্রবর্তী 


পুরো শরীরে
একটা মুখ চোখহীন যৌনবোধ
রতিক্রীড়ার পাড়া জুড়ে ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা
যেন এইমাত্র গমগমা আগুনে বুদবুদ ওঠা বাষ্প
অথচ কী আশ্চর্য ফুঁ দিলে তারা নিভছে না  বরং ছড়িয়ে পড়ছে এদেশ ওদেশ
যোনিলিঙ্গচিতায়।

বহুকালব্যাপী কোনো উৎসব হয় না

আমরা বহুকাল ধরে অযৌনস্পর্শা


(ছবিঃ ওলেগ লিপচেঙ্কো) 

উত্তরায়ণের কবিতা ৮

Image result for uzbekistan abstract painting


অনন্তর ফুটছে জারুল
                 -হাসান রোবায়েত 

আমার সংকটে শোভায়, আমি বারবার তাকিয়েছি বাড়িটার দিকে—তুমি বলতে, 'পাখিদের সমস্ত ডিম ফোটার আগেই সেরে যাবে তারাদের ক্ষত'—না হলে, এই সমুদ্রসয়লাব পানিতে কী করে ফেরা যায় বাড়ি—!

এমন কি গোলাপের ঝাড়েই এখনো আটকে আছে আমার পৈতৃক ভিটা—ওই যে পেয়ারার বাতাস উড়ে আসছে আর পরিত্যক্ত আকাশের নিচে হাটখুড়ে গরুটা জাবর কাটছে শ্লেষ—

আত্মহত্যার দিকে তাকিয়ে অনন্তর ফুটছে জারুল—!



(ছবিঃ ভিক্টর পাঞ্চেঙ্কো)

উত্তরায়ণের কবিতা ৭

Image result for palestine abstract painting


বোধিপর্ব
         -বেবী সাউ 

এক।

শীতাবসানে কি কি পড়ে থাকে?--- কিছু ভাঙাচোরা গল্প, হলুদাভ পাতা আর কয়েকটি দৃষ্টি এড়ানো লাল শাকের চারা। ততদিনে আমাদের সমস্ত ক্ষুধা আবার জেগে উঠেছে, সমস্ত চোখ ঢুকে পড়ছে মুরগীর ক্ষেতে। আর এই বসন্ত- প্রাক্কালের হৃদয় দগদগে মেরুদণ্ড চুরির প্রসঙ্গ ভাবছে। যাতে সহজেই শিকার করায়ত্ত করা যায়। যাতে ঝলসে নেওয়া যায় সুস্বাদু সম্পর্ক।

দুই।

রঙে রঙে ভরে উঠছে চোখের সংসার। আড়মোড়া ভেঙে ওঠে আসছে পলাশের বন। বন্ধুর সমতলে ঘুরে বেড়ানো ঘোড়েল, ভাবছে শুয়োপোকা ততটাই গুরুত্বপূর্ণ, তোমার ঘৃণার কাছে যতটা জেগে থাকে জন্মমৃতশোক।



(ছবিঃ সামিয়া হালাবি)