Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৬

Image result for abstract painting armenia

লাভ-জেহাদ  
                   -শিবু মণ্ডল

সময়ের শূন্যতাবোধ জানা নেই, তাই
সমবেত উলুধ্বনির মত সন্ধ্যা ভেসে আসে
যে-দিনরাত মানুষ জয় করে ধরে রাখে
শঙ্খের ভিতর, থেকে থেকে তার ফুঁ বের হয়ে আসে
কেতন ওড়ায় বাতাসে আলো আর ছায়ার সীমানায়

মহাকাশে উড়ে যেতে যেতে এক বালিহাঁস দেখে ঋতরঙ ! দেখে
মার খাওয়া প্রেমিকের মত কিছুটা লজ্জা কিছুটা কুণ্ঠায়
পৃথিবী ঘুরছে অবিরত! তার কোনও জয় নেই
তার কোনও পরাজয় নেই , শুধু আছে ঘূর্ণনে নম্রতাবোধ
আছে ভালোবেসে পতন অভিমুখী এক নিশ্চিত যাত্রা
তার যাত্রাপথেই যত জীবনের জয়, আর আপেলের পরাজয় 



(ছবিঃ আর্শাইল গোর্কি) 

উত্তরায়ণের কবিতা ৫

Image result for abstract painting victor hugo


নিভৃতচারিণী'র আত্মকথা

                                      -পারমিতা চক্রবর্ত্তী


১)

মনের গোপন ভাঁজে জেগে ওঠে
 বনভোজনের শব্দ
ফিরে আসে পৌষে'র চুমুকে'র  আমন্ত্রণে


হে প্রিয়তম
শুরু হোক কলরব
বটের সারি জুড়ে নোনা জলের স্রোতে ভেসে যাক অতীতে'র ভিসুভিয়াস



২)


পৃথিবীর বুকে বয়ে যাওয়া
 সাহসা বাতাস লেপে যায় পলাশ মুকুলে
যা কিছু স্বাভাবিক , নিয়মিত হোক
পেরেকের ছিদ্র'র মধ্যে



৩)


জাপানী ভাষায় কথা বলা'র মত
 সাবধানে ঢুকিয়ে রাখি
তোমার চোখের ভাষা


বড় নিসঙ্গ বোধ করি আজকাল
মহাশূন্যে তাকিয়ে থাকা জোনাকী জ্বলে থাক
এই নিভৃতচারিণী'র আত্মকথায়



(ছবিঃ ভিক্টর হ্যুগো) 

উত্তরায়ণের কবিতা ৪



জন্মভূমি
          -জয়া গুহ (তিস্তা)

মৃত্যু যখন মিথ্যে মতন ব্যথার নীচে ক্ষয় পাবে অক্ষরে
তখন তুমি, তখন আমি নিত্যনতুন স্বপ্ন বোনার ছলে
এদিকওদিক ঝর্ণা ফোটায়, এখানওখান উড়ন-বাজির-ছুট
কেউ কখনো বুনছে শরীর,কেউ তখনো পেরোচ্ছে রং-রুট
শত্রুদের ও দন্ড হবে,দুচার কলম প্রেমের কবিতার
লেখার পরে ছাপ রাখা ভুল
ঠোঁট কিনারে অসুখ-অপেক্ষার
ভুল ছেড়ে ভুল অন্য কোথাও জন্ম নেবে
নষ্ট কোনো রাতে
শুদ্ধ হবেই সেদিন সবাই অন্য অন্য শরীর-সর্বনাশে
সভা ও হবে উচ্চস্বরে,মদের পিপেয় উপচানো সুর, আর
গ্যালারিতে ধর্মযাজক! কোরান-শরীফ মাইক্রোফোনে তার
জলের নীচে মেঘ দেখা যায়,আমার বুকে তেমনি আছ তুমি
শাশ্বত প্রেম,রক্ষাকবচ! বুকের ভাঁজে
আমার জন্মভূমি।


(ছবিঃ গ্যালপ দ্য কাবালোস) 

উত্তরায়ণের কবিতা ৩

Image result for abstract painting assamese artist

প্রেম - ১
        -নীলাদ্রি বাগচী

যখন প্রথম প্রেমের গল্প কয়েক অক্ষরে এসে থামে তখন দীর্ঘ হয় আতশবাজির রাত । সাপের খোলস ওড়ে শুকনো বাতাসে। মশা বাড়ে। ঘুম বেড়ে যায়। শেষ মাঘ পর্দায় ঘন করে ভোর রাত। সকাল বসন্ত। এই প্রথম দুপুরে রোদ। বাদবাকি সব কয়েক অক্ষরে এসে নামে।

সুরঙ্গম অন্তরালে দিন গোনা হয় বিপরীতে। কৌমার্য্য রূপকথা পথে আঘাটায় ঘোরে। শোনে লোকে। জিইয়ে রাখা স্মৃতি পায় মেথির জলের সম্পদ।

অসুস্থ প্রত্যক্ষ হয়। পাটাতনে পাটাতন ঠুকে ইমারত নির্মাণ চলে। কাঁটা চামচের মতো সরল বিন্যাস কাটাছেঁড়া করে যায়। চারপাশ বদলায় । বাংলা ভাষার মতো অবধারিত অযত্নে ফুরিয়ে আসে। পড়ে থাকে কয়েক অক্ষর....



(ছবিঃ মাধুরী কাথে) 

উত্তরায়ণের কবিতা ২

Image result for ramakinkar abstract painting

এটুকু
      -কস্তুরী সেন

দিন আসে
দীর্ণ যায় সদাব্যস্ত বসন্তের দিন
কতজন ভালো নেই
অথচ তাদের কাছে গিয়ে, তারা ভালো কিনা জানবার দিন এসে ফিরে চলে যায়
ভালো থাকো, এটুকু তো কথা
এটুকু কথার বুকে বৃন্দগান,  আলোর আরতি কত মণিকর্ণিকার
ভালোবাসো, এটুকু জানাও
প্রখর মেয়ের মুখে সে কথার আলোটুকু আসুক বিকেলে
ভালোবাসো, আকুল জানাও
যেভাবে পুরুষবুকে অপরার ঘ্রাণ পেয়ে
তখনই দু চোখ ভরে আরও আরও বলে যায় ভালোবাসি, যুবতিটি ফের...
ভালোবাসো, সেভাবে জানাও।


(ছবিঃ গুলাম মহম্মদ শেখ) 

উত্তরায়ণের কবিতা ১

Image result for ramakinkar abstract painting


অন্য ভুবন
           -পিয়াল রায়



হারিয়ে যাওয়ার আগে
   হারানোর জরুরী ইচ্ছে থাকা দরকার


যে কবি অভুক্ত বেদনা ভুলতে পারে নি বলে
শেষপর্যন্ত বেছে নিলো ছায়ার শরীর
প্রচন্ড গ্রীষ্মে শিরিষের ডালে ঝুলে ঝুলে
দোল খেলো, কবিতা পোড়ালো ছেলেবেলার

গোপন করেনি সে কোনো কথা

পুকুরের জলে চাল ফেলে ভাত ফুটতে দেখেছিল সে
 ভাতের গন্ধ এমনই উতলা করেছিল তাকে

শালুকের ডাটায় শিরিষ ফুল গেঁথে
চিনেছিল প্রাচীন বর্ষা

আমরা তাকে অনুমতি দিই বা না দিই
                                     সে হারিয়ে যেতই


এক জন্ম থেকে অন্য জন্মে প্রবেশের টানে

(ছবিঃ রামকিঙ্কর বেইজ) 

Friday, 5 January 2018

হিমেল মাসের কবিতা ২৩

Image result for abstract painting vietnam

এন.আর.সি মিডনাইট,  ৩১ ডিসেম্বর ২০১৭
                                      -সুতপা চক্রবর্তী 

টুকরো করে রাখা আঙুলে নুন হলুদ মাখাই
দমে রাখি মিনিট পাঁচেক

পোড়া গন্ধে লাশ হয়ে ওঠে ক্ষুদিরাম মূর্তির আবহাওয়া, ভাষা শহীদ স্টেশন, 
আর আমার
উনান এর পড়শিরা

চিমটি কেটে কালোজিরে ছিটুই তাতে
গরম বাটি, থালা স্লোগান শোনায়

বিদ্রোহ করে!


কাটা আঙুল নিমিষে লালমুচমুচে


আ   লু    ভা   জা!

(ছবিঃ লে হিউন লাম)