Friday, 5 January 2018

হিমেল মাসের কবিতা ৭

Image result for gaganendranath tagore painting stair



গতিসূত্র
          -তন্ময় ধর

সেই জলসূত্রের কোন নাম ছিল না। শব্দরূপ মুখস্থ করতে করতে পোড়া কাগজের গন্ধ বদলে গেল তোমার স্পর্শে। সেই স্পর্শ থেকে জিভে, অন্ত্রে, রঙে, মহাজগতের প্রসারণে ছড়াতে লাগল আলো। তোমার অভিনীত প্রতিটি যুদ্ধে আমার গতি বাড়তে লাগল।


আমার দীঘল ঘরের দরজায় একদিন জাতিস্মর হয়ে উঠল রক্তপাত। আমি বীজধান গুছোতে গুছোতে তীব্র গান বাঁধলাম। সে গানের খাতা নষ্ট করে তাতে মিঠা জলের মাছের রেসিপি লিখে রাখলে তুমি। সেখানে নুনের পরিমাণ আন্দাজ মতোই।

জালকাঠির পাশ দিয়ে আমার গলার লালচে শব্দ উঠে আসছে। আর পাতালের অন্ধকার ডাঙায় পড়ে থাকা একটি মাছ ছটফট করছে একটু বাতাসের জন্য। সে বাতাসের সমীকরণে জল ঢেলে দিলে তুমি।  

(ছবিঃ গগনেন্দ্রনাথ ঠাকুর)

হিমেল মাসের কবিতা ৬

Related image




ব্রেক-আপ 
       -শিবু মণ্ডল 

তাই লুব্ধক ছুটে যায় তিতির তারানার দিকে
পাখিরা ছেয়ে আছে মাঠ
পুরবি মিশে যায় কুশন কুশন পায়ে।
কে যেন হেঁটে গেল রাত্রির দিকে।

ঝপাং ঝপাং ডানার ভাঁজে
আদুল আদুল বাতাস
মই নিয়ে পালাল সই কনেরঙা সাঁজে !

(ছবিঃ ফ্রাঞ্জ মার্ক)

হিমেল মাসের কবিতা ৫

Image result for van gogh painting


দূরবর্তী শব্দটায়
         -নীলাব্জ চক্রবর্তী



পোশাকী একটা নগ্নতায়
সাদা সাদা ভাবনার কালচে ভাবটুকু নিয়ে
আমি এই পাথুরে মুঠোর মধ্যে
পড়ে যাই
একটা ধারণার অস্পষ্ট ভেতরে
এই দ্রুত নভেম্বর জুড়ে
ক্যালেণ্ডার হয়েছে
জন্মদিন নামের ফল
দূরবর্তী শব্দটায়
খোদাই করা ভাঙা সিনট্যাক্স প্রসঙ্গে
বিকেল প্রসঙ্গে
কাঁচের গায়ে
জমে থাকতে থাকতে
সম্পর্কে আমি এক সর্বনাম দেখি
তোমার স্মৃতির ভেতর
এঁকেবেঁকে লাল মোনোরেল
ডিজাইন করা লিফটিং হুক
অন্য কারো ছায়া তুলে আনছে...

(ছবিঃ ভিনসেন্ট ভ্যান গগ)

হিমেল মাসের কবিতা ৪

Related image


বেমালুম
          -দেবারতি চক্রবর্তী

চিঠির শেষ শব্দটা ভুলে যেতে চাই
আব্দার রাখার মতো তোকে কোথায় পাবো
টেবিলের চায়ের কাপ ঠিকানা হারায়
সারা ঘর জুড়ে অনেক ছবি

কান্নার ছাপ বালিশের বিরক্তি
হাতপাখায় ধূলোর বংশ বিস্তার
আজকাল আর বা পাশের জানালাটায় ডাক পরে না

অপছন্দের বইগুলোই শেষ ঠাঁই
পছন্দেরা তো কবেই ছেড়ে গেছে

(ছবিঃ পাবলো পিকাসো )

হিমেল মাসের কবিতা ৩


Related image

জরুরি আদরের নাম
                  -সম্পিতা সাহা

১.
এদিকে এখন ঘরভরা মৃত্যু
অথচ কেউ খেয়াল করছে না
প্রত্যেকের কমবেশি খিদে পেয়েছে।
দীর্ঘদিন চিবিয়ে না খেলে
পরাসেধ দাঁতেও মেদ জমে,
আর আমরা আরও বেশি করে
পিপাসার খাবারে অভ্যস্ত হয়ে পড়ি...

২.
এই সম্পর্কে শিকড়ের ধর্ম
গ্রহণীয় হয়েছে রোজ।
তুমি মাটি, আমি শিফার মতো জীবন...
ইন্দ্রিয় ছাড়া শুনলে তোমার নিশ্বাস, শীত লাগে।
ফোটা শালুকের মতো ঠোঁটে কেবল
আত্মজীবনী লিখে যাও একটানা...

(ছবিঃ আর্শাইল গোর্কি )




হিমেল মাসের কবিতা ২


Related image


বিষাদ সুন্দরী 
       -  স্বাগতা সিংহরায়

সে এক উচ্ছিষ্ঠার কথা-
কানে তার বিষাদঝুমকা      ঠোঁটে আড়মোড়..
নগরভ্রমণে যে নাবিক পথিক হয়েছিলেন-
তার সন্দেহ       এ ঢেউ নাকি মহাপ্লাবন!
তুড়ির জোর বাড়লে পরে সব আঙুল-
একদিন হাত হওয়ার দাবি করে..
ক্রমশ হাত হয়ে যায় শূন্যখিলান
চোরাআলো উঁকি দিয়ে বলে-
"এই তো আমি!     সারাদিন কাছাকাছি"
খুঁজতে গিয়ে বেলা ঘনায়,নিকষ বন্দর
পাথরের উপর আলগা করে কে যেনো-
আদরের ঢেউ রেখে যায়..

ঈশ্বর একদিন গণিত খুঁজতে এসে দ্যাখে-
সব ঢেউ অ আ ক খ হয়ে গ্যাছে;
আর তার তলায় বিষাদসুন্দরী ফেলে গেছে
 শ্যাওলা সবুজ-নীলচে পোষাক...

(ছবিঃ সালভাদোর দালি )


হিমেল মাসের কবিতা ১


Image result for gaganendranath tagore painting stair

অমৃতকুম্ভ
       -সোনালী মিত্র 


লুকিয়ে চুরিয়ে কী এত দেখছেন !
যা দেখা যায় না দৃষ্টিতে বুঝি তার স্পর্শ চান ধ্যানের মহিমায়?
অহঙ্কারী যুবকবেলায় এসব মানায় না আপনাকে
বরং শিরদাঁড়া সোজা করে দেখুন,
ফড়িঙের ডানার রঙ-স্বচ্ছতা নিয়ে দেখুন
দুধ-সফেদ ফ্যানায় উত্তাল শরীরী ঢেউ
আমার উন্মুক্ত নাভিকোষে অসুরশ্রেষ্ঠ মধুকৈটভের জন্ম
দেখুন নির্মেদ যোনিকেশরে উষ্ণায়নের সৃষ্টি-স্থিতি-লয়
সেখানে বিশ্রামরত আদি -অন্ত ত্রিকালজ্ঞ প্রতিটি পুরুষ
দেখুন কৃষ্টসভ্যতার উৎকর্ষের আগুন
এসব যদি না দেখতে চান,তবে দেখবেন'টা কী ?
বৈষয়িক ঘানিকলে পৃষ্ঠ হাড়গোড়
অধিসৌরবছর ধ্বংসে আছেন দেবী,অধিসৌরবছর বুক পেতে কৃষিক্ষেতে
উৎপাদন শ্রেষ্ঠা নরমত্বকে মাভৈ: উপনিষদের গন্ধ
চার্বাকদর্শন পোষা আছে আমার বিপদজনক ভাঁজে ।
এখনো কি মানবেন না,বৈদ্যুতিক চুল্লিজাত চুম্বনে
ধ্বংসের আগে অমৃতকুম্ভ আমার জন্মগত অধিকার?

(ছবিঃ গগনেন্দ্রনাথ ঠাকুর )