Monday, 7 August 2017

নভস্যের কবিতা ১১

Image result for abstract painting peru


প্লাস্টিকের লেখা
                         -অভিষেক ঘোষ 


প্রতিটি লেখার মুখমণ্ডল জন্ম সময় বাপের নাম ভিটের নাম একহয়ে গেলে তাকে এরম এক ইজিচেয়ারে চাপিয়ে পিছন ধরে বিকেলের পার্কে মৃদু কেশরিত বাতাসের প্রাঙ্গণে ইয়ে মাখাতে মাখাতে ঘুরিয়ে আসি
যদি তাতে একটু পাল্টে যায় ভুরুর লোম যদি তাতে একটু পাল্টে যায় পাকা চুলের লেজ যদি তাতে একটু পাল্টে যায় তিলের মহাশূন্য তবেই তো তাকে আবার ঘরের দোয়াতে এনে রাখব
দোয়াত ভেঙে যদি কেউ কোনদিন বেড়িয়ে থাকে তার পিছন পিছন কিছুদূর যাওয়ার পরেই ট্রামলাইন হারিয়ে যায় ও আকাশের পাখিরা যারা হারিয়ে গেছে,বহু বহু শতাব্দী হারিয়ে আছে তাদের চিনতে পারে...
শুধু বাপের নাম ও জন্ম ভিটে পাল্টে গেছে এখন।

(ছবিঃ মিরেইরা ইজকুইয়ের্দো)


নভস্যের কবিতা ১০

Related image


হোমো সাপিয়েনস
                  -অনির্বাণ পাল

হেলান দিয়ে বসে আছে শহর কাঁদছে ডিহি
নিষ্পত্র গাছে বিলয় কান্না ডুবছে বিরোচন
প্রত্যগ্র সকালের কাছে রেখে আসছি কান্নাঘুম
বেলেল্লা বিকেল হাওয়ায় ভেসে আসছে মোহ

শ্রাবণের বিপরীতে শ্রমিকের ঘাম
খড়ের আদর নিয়ে ঘুমিয়ে আসছে শহর
রাস্তাগুলো চলে যাচ্ছে শিকড়ের প্রদেশে
পাঁজরে জল জমে
সেই জলে চাষ করে পাগল চাষি

শহর কাঁদছে
মিছিল বাড়ছে
হত্যার পাশে ছাঁৎ কফিন

মানুষ ফুল রাখছে মানুষের জন্য!

(ছবিঃ ফিলোমেনা বূথ) 

নভস্যের কবিতা ৯

Image result for abstract painting peru

রূপকথা
      -শৌভিক দে সরকার

একটি দেশ ক্রমশ ছোট হতে হতে নো-ম্যান্স ল্যান্ড হয়ে ওঠে
একটি উধাও জমি ক্রমশ ছোট হতে হতে জলের বারান্দা হয়ে ওঠে
একটি চরাচর ক্রমশ ছোট হতে হতে তিলার্ধ, 
বাষ্পরেণুর আঁচড় হয়ে ওঠে।
পাহাড়ের গোড়ালির কাছে গেঁথে যাওয়া 
কাঁচের টুকরোরা জানে এইসব
ফিকে হয়ে যাওয়া রূপকথা, গাঢ় চোখ, কণ্ঠার হাড়
বিবৃতির পর্বগুলি পার হয়ে যাওয়া নাভিখাত,
জানে নদীটির বুকে আকাঙ্খার মত দাঁড়িয়ে থাকে
অসমাপ্ত সেতু, গীতালদহ জংশন!  

(ছবিঃ উইলেম দে কুনিং)  

নভস্যের কবিতা ৮

Image result for abstract painting norway

নাটক
        -জ্যোতির্ময় বিশ্বাস


কোনো কোনো দৃশ্যে এমন হয় -
ভালো আছি ব'লে মানুষটা চলে যায়
আর তারপর সেই দৃশ্যে শুধু
                              বাঁশি বাজে
           বাজতেই থাকে

কেঁদে দুঃখ দেখানোর পদ্ধতি পুরোনো
হয়ে গেছে ব'লে।

( ছবিঃ বিয়র্নার আসলুন্ড )

নভস্যের কবিতা ৭

Image result for abstract painting norway

বরফ
      -শমীক ষান্নিগ্রাহী

হাসিগুলো ছড়িয়ে পড়ছে
সেদিকে তুমি তাকিয়ে ছিলেনা

প্রার্থনা সেরে কুয়াশা নামছে . . .

রাত বাড়ে ছুটির মেজাজে
বাড়তে বাড়তে দরজা ধাক্কা দেয়
পতনের শব্দ

(ছবিঃ ইঙ্গার সিটার)

নভস্যের কবিতা ৬

Image result for abstract painting japan

 মেঘ-বৃষ্টি
           -অভিশ্রুতি রায়

কিছু ফিরে যাওয়া ডাক আর চেনা নিশ্বাসের উষ্ণতায় বার বার
ডুবে যাচ্ছি এক বিস্তীর্ন জনপথে।

চেনা সাইকেল গুলো রিং দিয়ে পেরিয়ে যাচ্ছে আমার বিন্দু বিন্দু রক্ত জমানো উর্দ্ধ মহাশিরা।

শরীর জুড়ে মেখে থাকা পোড়া পেট্রোলিয়ামের বাস্পে তুমি পরিপূর্ণ হচ্ছো।

বাসস্টপে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণী যখন তোমায় এক পশলা বৃষ্টি মাখিয়েছিল,
 সেই বৃষ্টিতেও ধুয়ে যায়নি আমার প্রেমের প্রথম আতর মাখানো চিঠিটা।

যেখানে প্রেমটাও ছিল ফুলের কুড়ির মতো পবিত্র অক্ষরে।
আজ কলেজস্ট্রিটে সন্ধা নামলেও,,,
আমার আড়ষ্ট তোমার কাঁধে মাথা রাখে সেই পুরোনো গঙ্গার ধারে।

যেখানে ব্যাগ ভরতি কুয়াশা এসে আড়াল করে আমার ভবিতব্য কে আর
তোমার পরিত্যক্ত নিশ্বাসের চাপে চাপা পড়া বিন্দু বিন্দু জলীয়বাষ্প কেটে দিচ্ছে গায়ে জ্বলে ওঠা পেট্রোলিয়ামের শিকড়।
যাকে তুমি বৃষ্টি বলে চেনো...

(ছবিঃ মায়াকো নাকামুরা) 

নভস্যের কবিতা ৫

Image result for abstract painting mexico

প্রতীক
     - নীলাব্জ চক্রবর্তী




ক্রমে ইঙ্গিতগুলো ছাড়িয়ে ফেললে বেরিয়ে আসতে থাকে ভাষার হাড়গোড়। সম্পর্ক নামের একটা আয়নার ভেতর দিয়ে পর্দা গাঢ় হয়একটা পর্বের নাম স্খলন রাখছে কোথাও। রোল করছে। ভালবাসতে-বাসতে বড়জোর গাছ। কখনো স্মৃতি অবধি সরলরেখা হচ্ছে কেউ। পোশাকের ভেতর ছেড়ে আসা ঋতুবোধ যতদূর। কোলের ওপর ফেলে রাখা ওই সময়টা কুঁকড়ে যাচ্ছে আর বৃষ্টি আসার আগেই বাসা থেকে দলে দলে বেরিয়ে পড়ছে পুরনো হরফসারারাত ধ’রে তামাকক্ষেতের ওপর বৈধ প্রতীকগুলো এভাবে ওড়ে। আরও কিছুটা লম্বা হয়ে ওঠে দিন। আমি খুব সাদা জামা সিভিলিয়ান লক্ষ করি দরজা-জানলার মাপ, সবুজরঙা ছাউনি, কংক্রীট পিলার থেকে বেরিয়ে আসা এবড়োখেবড়ো রিইনফোর্সমেন্ট রডের জং...

(ছবিঃ আইয়ান পামার)