Sunday, 4 June 2017

প্রাবৃষার কবিতা ৯

Related image

ফলস্

-অভ্রদীপ গোস্বামী

সামনাসামনি দাঁড়িয়ে আছি আজকাল
অথচ লুকোচুরি খেলতে খেলতে তুমি 
অভ্যস্ত চোখেও খুঁজে পাচ্ছ না আমায়
জলদাগ ফুলরেণু প্রজাপতিটির চলে যাওয়া 
দেখেও না দেখার ভান করছ 
ফুল নদী সহজ সঙ্গমের সোজাপথ 

এবার বিবর হও 
গর্ত খুঁড়ে ঢুকে যাই প্রাকৃতজনের জঠরে 
মৃত কিছু খাদ্যের দানা খাই 
আর জেনে বুঝে আসি 
সেই 
প্রকৃত সঙ্গম। 

(  ছবি- মার্ক ওয়েবস্টার )

প্রাবৃষার কবিতা ৮

Related image

যে সময় গুলো আর ধরা যায়না

-অনন্যা বন্দ্যোপাধ্যায় 

একাঘরে বসে থাকি
তোমার ছায়া দেখে শান্ত করি নিজেকে
সময় এগোয় 
আমি বুঝতে পারি 
আমাদের দুজনেরই হৃদপিন্ড চিরে গ্যাছে
আমরা দুজনেই ছিড়ে যাওয়া দুটো মৃতদেহ
আমাদের যা যা চলে গ্যাছে
সেগুলোর অবস্থান ছিলো রংপেনসিলের মতো
আমাদের যা যা চলে গ্যাছে সেগুলোর
উষ্ণতা ছিলো পুড়িয়ে ফ্যালা 
সেই খাতাটার মতোই যার 
ছবিগুলো চিরকাল তোমার ভেতর সতেজ হয়ে থাকবে। 

এখন
একা ঘরে বসে 
তোমার ছায়ায় নিজেকে দেখতে পাচ্ছি
আমি বুঝতে পারছি
পৃথিবী নিভে আসছে
আর আমরা দুজনেই
ক্রমশ
ঢুকে পড়ছি ভূগর্ভের তলে... 
আরও তলে...

( ছবি-  ইগর স্নেগিউর)

প্রাবৃষার কবিতা ৭

Image result for abstract painting serbia



অপরাহ্ণ 
-হাসান রোবায়েত


প্রতিটি বসন্তের দাগে ফুটে আছে পাইরেট ফুল

জ্বলে জ্যান্ত একটা রোদ—আপামর চিতা 
লাফিয়ে পার হচ্ছে চৌচির হাওয়া

একা রাস্তার জানালায় এই পিলুবিশ্রাম—

কখনো বন্ধুর ভেতর টলমল করে
সমগ্র মুদিদোকানের ঘ্রাণ

( ছবি- বেহশাদ আর্জোমান্দি) 

প্রাবৃষার কবিতা ৬

Related image


ছায়া মোড়

-শৌভিক দে সরকার


ছায়াহীন হয়ে ওঠার মুহূর্ত, 
একটি সামান্য বাড়ি ভিজে যাচ্ছে
তোমার অন্ধত্বের খবরে।
মেঘের গোড়ালি অবধি
দাঁড়িয়ে থাকা একটি দরজা..
ছায়া আর ছায়াঘন বাড়ির সীমানা
মেহেদি পাতার কাঁচা বেড়া, রেড়ির সহজপাঠ
স্বল্পালোকিত কয়েকটি শর্ত
হাত ডিঙ্গিয়ে আঙুল
আঙুল ডিঙ্গিয়ে দূরের অমলতাস
অর্থহীন কয়েকটি পিঁপড়ের সারি
খুব নিচু হয়ে আসছে আলো,
এগিয়ে আসছে বর্ষাপ্রকল্পের পরিচিত মাসগুলি
নির্ধারিত ভুল আর অন্য গ্রহের বাতাস।

( ছবি- মাউরিসিও পাস ভিওলা) 

প্রাবৃষার কবিতা ৫

Image result for abstract painting serbia



সাদা চাদর
- অভিশ্রুতি রায়

নিষ্পাপ অথবা পাপে মুড়ে আছে
           এক অপার্থিব।
সাদা ধোঁয়ায় বিলীন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়
চাদরটা একটা জীবাশ্ম।

সাদায় আর শূন্যস্থান নেই......
ইতিহাসবিদেরা বাস করেন। 

(ছবি- ওগ্নিয়ান কাউজমানভ)

প্রাবৃষার কবিতা ৪

Related image




তোমাকে, ভলক্যান 
-অনিন্দ্য রায় 

কামারের হাতুড়ি, হে অগ্নি, সৌরচুল্লির এত নৈকট্য তোমার,সেঁকে দিও রুটি আর আহারের শেষে
( তুমি তো নিজেই ক্ষুধা ) ঢেঁকুরে মার্কারি কাঁপে; এত জ্বর, ধাতু না তরল হলে যৌন হয় না,ছুরি 
কঠোর হয় না, আঘাতমনিব ও গো, তোমার জিহ্বার তিন, ছোবলের ভস্ম সশরীর, তবু কেন দর্শন 
পাই না; না, তোমার সত্তা নাই, শুধুশুধু গুণাগুণ আছে, সূর্যের আত্মভর তোমার বিভ্রম তোলে,সকল দাহ্যে,তেজে, আমাদের লালনপালনে,নাস্তি হে, তোমার উদ্গার আজ পরাণের ক্লেশ মনে হয় 


( ছবি- গেরহার্ড রিখটার)

প্রাবৃষার কবিতা ৩

Image result for abstract painting



কোনো শিরোনাম নেই 
-অনিন্দিতা ভৌমিক

ঠান্ডা চোখের বয়স
আর ক্রমে তোমার প্রিয় হয়ে উঠছি  
কাঠামোর উপর বিষয়কে দাঁড় করিয়ে
বুঝে নিচ্ছি যে, কোনো ধারণাই
উচ্চতার পক্ষে যথেষ্ট নয়             
    মেধা ও স্পর্শের মান
তাকে সাবলীল করে তোলে
প্রতিটি ঘরে আরোপ করে ন্যূনতম আয়ু

অচেনা ডাক এখানে আঙুল ধরে থাকছে
শিরা বেয়ে হাঁটু বেয়ে গুমোট বাতাস বেয়ে        
উঠে আসছে চিত হয়ে
শুয়ে থাকার মতো অভিজ্ঞতা

খোলা জুতোর সামনে             
তার প্রভাব অল্প বিনীত করে রাখা
একাগ্র করে রাখা ত্বকের সুশীতল বোধে


(ছবি - ক্যাথেরিন জোন্স)