Sunday, 4 June 2017

প্রাবৃষার কবিতা ৭

Image result for abstract painting serbia



অপরাহ্ণ 
-হাসান রোবায়েত


প্রতিটি বসন্তের দাগে ফুটে আছে পাইরেট ফুল

জ্বলে জ্যান্ত একটা রোদ—আপামর চিতা 
লাফিয়ে পার হচ্ছে চৌচির হাওয়া

একা রাস্তার জানালায় এই পিলুবিশ্রাম—

কখনো বন্ধুর ভেতর টলমল করে
সমগ্র মুদিদোকানের ঘ্রাণ

( ছবি- বেহশাদ আর্জোমান্দি) 

প্রাবৃষার কবিতা ৬

Related image


ছায়া মোড়

-শৌভিক দে সরকার


ছায়াহীন হয়ে ওঠার মুহূর্ত, 
একটি সামান্য বাড়ি ভিজে যাচ্ছে
তোমার অন্ধত্বের খবরে।
মেঘের গোড়ালি অবধি
দাঁড়িয়ে থাকা একটি দরজা..
ছায়া আর ছায়াঘন বাড়ির সীমানা
মেহেদি পাতার কাঁচা বেড়া, রেড়ির সহজপাঠ
স্বল্পালোকিত কয়েকটি শর্ত
হাত ডিঙ্গিয়ে আঙুল
আঙুল ডিঙ্গিয়ে দূরের অমলতাস
অর্থহীন কয়েকটি পিঁপড়ের সারি
খুব নিচু হয়ে আসছে আলো,
এগিয়ে আসছে বর্ষাপ্রকল্পের পরিচিত মাসগুলি
নির্ধারিত ভুল আর অন্য গ্রহের বাতাস।

( ছবি- মাউরিসিও পাস ভিওলা) 

প্রাবৃষার কবিতা ৫

Image result for abstract painting serbia



সাদা চাদর
- অভিশ্রুতি রায়

নিষ্পাপ অথবা পাপে মুড়ে আছে
           এক অপার্থিব।
সাদা ধোঁয়ায় বিলীন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়
চাদরটা একটা জীবাশ্ম।

সাদায় আর শূন্যস্থান নেই......
ইতিহাসবিদেরা বাস করেন। 

(ছবি- ওগ্নিয়ান কাউজমানভ)

প্রাবৃষার কবিতা ৪

Related image




তোমাকে, ভলক্যান 
-অনিন্দ্য রায় 

কামারের হাতুড়ি, হে অগ্নি, সৌরচুল্লির এত নৈকট্য তোমার,সেঁকে দিও রুটি আর আহারের শেষে
( তুমি তো নিজেই ক্ষুধা ) ঢেঁকুরে মার্কারি কাঁপে; এত জ্বর, ধাতু না তরল হলে যৌন হয় না,ছুরি 
কঠোর হয় না, আঘাতমনিব ও গো, তোমার জিহ্বার তিন, ছোবলের ভস্ম সশরীর, তবু কেন দর্শন 
পাই না; না, তোমার সত্তা নাই, শুধুশুধু গুণাগুণ আছে, সূর্যের আত্মভর তোমার বিভ্রম তোলে,সকল দাহ্যে,তেজে, আমাদের লালনপালনে,নাস্তি হে, তোমার উদ্গার আজ পরাণের ক্লেশ মনে হয় 


( ছবি- গেরহার্ড রিখটার)

প্রাবৃষার কবিতা ৩

Image result for abstract painting



কোনো শিরোনাম নেই 
-অনিন্দিতা ভৌমিক

ঠান্ডা চোখের বয়স
আর ক্রমে তোমার প্রিয় হয়ে উঠছি  
কাঠামোর উপর বিষয়কে দাঁড় করিয়ে
বুঝে নিচ্ছি যে, কোনো ধারণাই
উচ্চতার পক্ষে যথেষ্ট নয়             
    মেধা ও স্পর্শের মান
তাকে সাবলীল করে তোলে
প্রতিটি ঘরে আরোপ করে ন্যূনতম আয়ু

অচেনা ডাক এখানে আঙুল ধরে থাকছে
শিরা বেয়ে হাঁটু বেয়ে গুমোট বাতাস বেয়ে        
উঠে আসছে চিত হয়ে
শুয়ে থাকার মতো অভিজ্ঞতা

খোলা জুতোর সামনে             
তার প্রভাব অল্প বিনীত করে রাখা
একাগ্র করে রাখা ত্বকের সুশীতল বোধে


(ছবি - ক্যাথেরিন জোন্স) 

Saturday, 3 June 2017

প্রাবৃষার কবিতা ২

Related image




প্রাপ্তবয়স্কতার পূর্বদিক
-রঙ্গন রায়

বান্ধবী তো ছিলনা কখনো , সবাই জোনাকির মত
কুলকুচির শব্দেরা ঘরে ফিরে আসে শুধু ,
প্রতিটি ভোরবেলা নিখুঁত সাজানোর জন্য
শকুন্তলার পায়ে পায়ে হরিণ ছানা
আমাদের দেওয়ালে ঘুরে বেড়ায় , নির্ভয়ে
ইদানীং দুষ্মন্তের ওপর আমার ভয়ানক রাগ হয়,
প্রকৃত প্রস্তাবে সে হারিয়ে গেছে
বাবার লুঙ্গির সেই দুর্দান্ত কোলের মত

এখনো ঘুমিয়ে পড়ি আমি আলগোছে
                        দেওয়ালের এপার হতে

চুল কাটাতে প্রতিটি শিশুই যেরকম ভয় পায়
যতটুকু চিৎকার ,
আমার চিৎ হয়ে শুয়ে থাকা , রাজদূতের শব্দ
কোন হর্ণ লাগতোনা বলে অল্প অল্প করে
সেলুনের কাছে সরে এসেছি
নন্টে - ফন্টের সাথে তখন কি মধুর বন্ধুত্ব;
কি এক অসম্ভব টান থেকে আফটার শেভ লোশনের গন্ধ

ছড়িয়ে পড়ছে গালে , প্রতিদিন একটু একটু -




(ছবি: রবার্তো ক্রিপা )

প্রাবৃষার কবিতা ১

Image result for hilbert space

যৌথ কবিতা 
-পারমিতা চক্রবর্তী

"কাল আসবো " বলে পালিয়ে এসেছো বৃত্তের আড্ডা থেকে 
অনিকেত এভাবে গল্প সাজালে চরিত্রের মুখবন্ধ পরিবর্তিত হয় 
যার প্রতিকৃতিতে মাল্য দান করে যৌথ কবিতা

আজকাল অনেক পরিবর্তন দেখি 
যে চোখে বৈধব্য দেখতাম 
তাতে অসূচী চারু'র ঠোঁটে'র স্পর্শ দেখি 

তারপর 

গল্প বিদেশী হয়
ভোরে'র চুমু শীত চোখে লাগে 
আমি তো শীত হতে চেয়ে শিবালিক
হয়ে গেলাম 
অন্তর্ধান হল গতিবেগ 

সত্যি 

তোমার শীতকাতু'রে মাংসে ফায়ারপ্লেস বড় কম 
সময়ে'র পরিধি সংক্ষিপ্ত হলে
জন্মের চিতায় বাল্যচাঁদের 
সতীদাহ হয় 

এ মৃতপৃথিবী মীরজাফর দেখেছে 
যৌথ কবি দেখে ...