Sunday, 16 September 2018

নভস্যের অনুবাদ কবিতাঃ ক্রোয়েশিয়া থেকে ইভানা বোদ্রোজিচ



ইভানা বোদ্রোজিচের জন্ম ক্রোয়েশিয়ার বোকুবার শহরে, ১৯৮২ সালে। ক্রোয়েশিয়ার যুদ্ধের সময় কুখ্যাত বোকুবার গণহত্যায় ইভানার পিতার মৃত্যু হয়। মা এবং ভাইয়ের সঙ্গে পালিয়ে বেঁচে ইভানা আশ্রয় নেন শরণার্থী শিবিরে। সেই দগদগে স্মৃতির অন্ধকার ইভানার কলমকে আলোকিত করে জন্ম দিয়ে চলেছে কবিতা, গল্প, উপন্যাসের। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ইভানার গল্প, কবিতা, উপন্যাস।



মনে করিয়ে দিও আমায়



যা আমি করতে পারি

তা হল রাতের বাতাস সম্পর্কে লেখা



যখন আমি জ্যাকেট খুলে ফেলি হলঘরে

আমার কাঁধ থেকে, পকেট থেকে

তা গড়িয়ে পড়ে

ক্রিসমাস-ইভের সুগন্ধের মতো

আমার চুলে-মুখে-দৃষ্টিতে আটকে যায়



এবং আমি চাপা পড়ি তোমার ছায়ায়

তোমার গালে আমার গাল

যাতে তুমি শীতের তীব্রতা টের পাও

যাতে তুমি হেসে ওঠো এবং নীচু হও

যেন কিছুই পছন্দ নয়



যা আমি করতে পারি

তা হল একটি স্নো-বল সম্পর্কে লিখে ফেলা



কিম্বা তা শুরু হওয়ার আগেই

ভোরের আলো ফোটার সময়

যখন এটি পূর্ণ হয়ে ওঠে এবং আমি চিন্তা করি

কিভাবে তোমার কাছে এনে দেব

একটুও না ভেঙে

তোমাকে এর কাছে, অথবা একে তোমার কাছে





এরপর আমার যা করণীয়, তা হল

গ্রীষ্মের দানিয়ুব নদী নিয়ে লিখে ফেলা

এবং সেই সময়, যখন আমি ভেবেছিলাম, সবকিছু সম্ভব



কারণ আমি তখন সপ্তমবর্ষীয়া

এবং আমার নীল দুগ্ধপাত্রে

তখন লাফিয়ে উঠেছে মাছ

ভরভরন্ত আমি গড়িয়ে যাচ্ছি বাড়ির দিকে

নিংড়ে ফেলা পানীয়ের ভিতর



এসবই মনে রাখার মতো



(ইংরেজি অনুবাদের মধ্যস্থতায় অনুবাদ করেছেন উষ্ণিকের সম্পাদক)



(ছবিঃ গুগল)

নভস্যের কবিতা ১৩


Image result for convective clouds(


প্রলাপ#১২
             -সোনালী মিত্র 

আজকাল সুখ নিয়ে কিছু লিখতে ভালো লাগে না,প্রেম নিয়েও না।যথার্থ সুস্থতা নিয়ে লেখা চিঠিগুলো একলাই হেঁটে গ্যাছে দাবানলে।ভাদুরে উত্তাপ মাথায় নিয়ে লালা ও ঘামে যেসব প্রেমিকেরা এসেছিলেন,আঁশটে গন্ধ নাকে টেনে তারাও ফিরে গ্যাছেন যে যার ঘরে।

#
প্রতিদিনের সুস্থতা পেতে চেয়ে যাবতীয় পর্দা টেনে রাখে চোখ।দীর্ঘ বুদবুদ্ সাবানজলে ডুবে থাকে এ পোড়া শরীর।
ডাক্তার বলে গ্যাছেন,বারংবার এই আত্মহত্যা প্রবণতা ধীরে ধীরে উন্মাদের দিকে গড়ায়।তার'চে গান শুনুন,গীতা অথবা আত্মাশুদ্ধিকরণ টাইপ বই টই কিছু পড়ুন,ঘুরে আসতে পারেন পাহাড়ে বা সমুদ্রে।তবে জঙ্গল আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই সুখকর নয়।
প্রতারণামূলক গল্পগুলো আপাতত নির্বাসনে পাঠিয়ে দিন।
#
লাল-নীল ক্যাপসুলে ঢেকে যায় বৃষ্টিদিন।ওষুধের ধারাভাষ্যে আত্মহত্যা অথবা উন্মাদ কোন একটা সুর নিশ্চয়ই বাজাবে আমায়।ধন্বন্তরি কবিতাগুলোও একদিন সাইকো হয়ে উঠবে।সঞ্জীবনী বর্ণমালার ভিতরে জেগে উঠবে অ্যাসাইলাম।

শুনে রাখুন প্রিয় পাঠক,সুতীব্র প্রলয়ের আগেএ ভুলভাল লেখনীর অস্থি বিসর্জনটুকু অত্যন্ত প্রাসঙ্গিক ।
(ছবিঃ উটা বিশ্ববিদ্যালয়)

নভস্যের কবিতা ১২

Related image



অসময়
           -তন্ময় ধর



সময় হাসছে
আর
ঝিনুকের গল্পের ঠোঁট ফুলে আলো পড়ছে সমুদ্রে
এত ফেনা
প্রত্ন জাভা ম্যানের পায়ের হাড় থেকে রক্ত পড়ছে ইতিহাসে

তুমি একটু বেশী রাতে বাড়ি ফিরেছো

আগুনের অভিনয়ে
পুড়ে উঠছে আমাদের রান্নার জন্মান্তর

আমরা হাঁটছি
নক্ষত্রের ঘুমের ভিতর দিয়ে

আকাশপ্রদীপের ঠোঁট থেকে রক্ত পড়ছে
আমাদের খেলাধুলোয়

ঝিনুক-খাওয়া দীর্ঘ পাখির ডানার ওপর দিয়ে
সময় সামান্য হাসছে


(ছবিঃ উইকি)



নভস্যের কবিতা ১১

Image result for cloud photo from plane

পুষ্পবাক 
                 -পিয়াস মজিদ

পৃথিবীর ইতিহাসের বাইরে
ফুটে আছে এই
তারাপ্রস্তরতা,
অমাবস্যাময় বেঁচে থাকার
সরণিতে এক ফোঁটা
চাঁদনিচত্বর।
সকল হাসপাতাল ফুরোলে
চন্দনচিকিৎসা হয়ে জেগে থাকো ;
চির এক সুরভিসত্য।
এমন হেমন্তগন্ধে অন্ধ আমি
ভবিষ্যৎ-বিস্মৃত হয়ে ভাবি
প্রেম মানে ‘তুমি’ নামের
ডাউন-মেমোরি লেন।

(ছবিঃ অ্যাসারজিব)

নভস্যের কবিতা ১০

Related image


সাবলীল উপেক্ষারা
                               -সম্পিতা সাহা

কপোতপালী থেকে রোদ নেমে আসছে সিঁড়ি বরাবর।
ঝাঁপি উঠিয়ে রাস্তা নেমেছে পুতুলওয়ালা
এসময় আনাচে কানাচে আহ্লাদ পুষে রাখে পাখিরা
আর আমরাও অসুখ লুকিয়ে যাই গাছে কাছে,
অবিমিশ্র নিঃশ্বাসে রেখে আসি অধম বিষাদ।
অথচ জানি, চোখের কাছাকাছি থাকলে
সান্ত্বনাতেই কেটে যাবে কান্না।

আত্মগোপনের পর প্রতিবারই হেরে যাই
অসম্ভব কিছু উচ্চারণ।
ভুলে যাই,
যাকে ঘুমের ভিতর চেনা
সে জেগে থাকারও দখল চেয়েছে অলিখিত যোগ্যতায়...

(ছবিঃ শাটারস্টক)


নভস্যের কবিতা ৯

Image result for noctilucent clouds

বিষাদ
      -দেবারতি চক্রবর্তী


বড় একটা নদীর তীর নৌকা ভাসিয়ে দাঁড়ালাম
জল থৈ থৈ পাড়ে নির্জন আকার হীন স্তুপের মতো
ভাঙ্গা ভাঙ্গা হাড়গোড় চোরা বালিতে নগ্ন পড়ে
দর্শন যাত্রী একে একে নগ্নতার মজা লুটে নেয়
বিষাদগ্রস্ত মেঘ শুকিয়ে ফেন ফেনে
হাততালির শব্দে মাতোয়ারা রৌদ্রপুরী
সময় গড়িয়ে সন্ধ্যায় নেমে আসে
নগ্নতা এখন ক্লান্ত

(ছবিঃ উইকি)

নভস্যের কবিতা ৮


Related image

প্রতীক্ষাঘরে
                  -সুপর্ণা মণ্ডল


ভালোবাসাই সারাতে পারত রোগ
অথচ রোগের অজুহাত দিয়ে ভালোবাসা থেকে
হাজার মাইল দূরের ডাক্তারখানায়
নাম লেখালে তুমি,
প্রেমহীন প্রতীক্ষাঘরে।
ভুলে গেলে? এটাই তো সেই শহর
যেখানে ছাতার দোকান অনেক,
ছাতা সারানোর একটাই।

(ছবিঃআর্থস্পেসসার্কল ব্লগ)