Friday, 15 June 2018

উষ্ণিক প্রাবৃষা সংখ্যা

Related image

"ধূমজ্যোতিঃ সলিলমরুতাং সন্নিপাতঃ ক্ক মেঘঃ
     সন্দেশার্থাঃ ক্ক পটুকরণৈঃ প্রাণিভিঃ প্রাপনীয়াঃ"  

উষ্ণিক
প্রাবৃষা সংখ্যা


প্রাবৃষার অনুবাদ কবিতাঃ পোল্যান্ড থেকে তাতেভ চাংখিয়ান






অনুবাদকের উদ্দেশ্যে স্তোত্র



প্রথমত, তারা তোমার শরীর অনুবাদ করে,
তারপর তোমার কবিতা,
অবশেষে, এক দুর্ঘটনাগ্রস্ত সকালে
তারা তোমাকে ফেলে যায় অপরিচিত নগ্নতায়
তোমার জানা শব্দের সামনে,
চিন্তিত এবং অসহায়,
এমন একজনের মত যে জানেই না
একটি গর্জনরত কুকুরকে  কিভাবে শান্ত রাখতে হয়
এক বিদেশী ভাষাগ্রস্ত শহরে


এক্স-রশ্মি


কেমন নীল-নীল-নীল
কেমন শান্ত আলো, হালকা
কত সহজে আর স্পষ্টভাবে
এই নীল-নীল-নীল
অতীতের ধুলো

বসে পড়ে অস্থিসন্ধির ওপরে...


রাজপথের রুক্ষতা 

নীরবতা বজায় রেখে
একে অপরের দিকে
অবতল আরশির ভিতর দিয়ে তাকিয়ে
নীরবতা রেখেই
হাওরের জল ঢুকে পড়ে আমাদের সমুদ্রযাত্রায়

কবিতা ছাড়াই আমরা পেরিয়ে যাই

( ছবিঃ কবির ব্যক্তিগত ওয়েবপাতার সৌজন্যে )
( অনুবাদ- কবিকৃত ইংরেজি অনুবাদের মধ্যস্থতায় )

প্রাবৃষার আশ্চর্য ধারাবাহিকঃ হারিয়ে যাওয়া নব্বইঃ পর্ব ১১

SDIM2381



“পৃথিবীর যাবতীয় অধর্ম থেকে উৎপন্ন, সকল পাঠ্যপুস্তক থেকে দূরে, আমি রয়ে গেছি”
                                 অনিন্দ্য রায় 

( ... দেবরাজ চ্যটার্জি, আবার )

বাংলা কবিতা এই দুই দশকে অনেকটা পথ পেরিয়ে এসেছে, পাখি কি সেই খবর রাখে না ?
আমরা এক নতুন মিলেনিয়ামে বসবাস করছি, বেঁচে আছি ডিজিটাল সময়ে; সুকুমার প্রবৃত্তিগুলো স্মার্টনেসে ঢাকা পড়ছে, পাখি  জানে নিশ্চয়ই, তার নাগরিক জীবনে ক্রিকেট আর বিনোদন মিশে যাচ্ছে, ধ্রুপদীয়ানার দিন শেষ হয়ে লাফিয়ে উঠছেন চিয়ার লিডার; কবিতা, হ্যাঁ, কবিতা কি আর নিরাময় হতে পারে এই সময়ের, এই যাপনের ক্ষতগুলির ?
“এখন সব বিশ্বাস নদীতে রাখি
কোম্পানির গভীর জলবায়ুতে বাঁধি
নক্ষত্রের ডিম ফেটে অলৌকিক ঘোড়াগুলো
ভিজে যায় কালো জ্যোৎস্নায় –

আমাদের ভুলে যাওয়া ডানার মুচড়ে দেওয়া ব্লেডের গায়ে
যদি একবার হাত রাখা যেত
যদি বলা যেত মানুষের বয়স হলে
তার রক্ত কিভাবে, ধীরে ধীরে

ক্রমে, অপ্রাসঙ্গিক হয়ে যায় ।”
( আধার কার্ড )
কিন্তু বয়স হলেও একজন কবির কাছে প্রাসঙ্গিকই থেকে যায় শব্দমালা ।
যেমন দেব্রাজ চ্যাটার্জি, আমাদের নব্বইয়ের পাখি, এতদিন পর তার বই বেরোনোর প্রস্তুতি, তার কবিতার  বই ‘কলকাতা ২০/২০’ পাঠকের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যেই। আগ্রহীরা যোগাযোগ করবেন কবির সঙ্গে সরাসরি অথবা আমার সঙ্গে ।
ইতিমধ্যে আমরা পড়ে নিই দেবারাজের আরও কিছু কবিতা

“ এইখানে লিখে রাখি ধুলো, ঝড়
  আর ফূটপাথের ঘাস থেকে লাফিয়ে ওঠা প্রাণ
শহরের বুক জুড়ে এওখন গোলাপ উপত্যকা
আর গোলাপি মেঘেদের ঢালাও সংঘটন ।”
           ( গোলাপি বিপ্লব )

“ মানুষ মারা গেলে
  পরদিন ভোরবেলা –
  তার চশমা আর ট্রুথব্রাশ –
  ভীষণ একলা হয়ে যায় ।”
( বন্ধুবান্ধব )

“ আকাশে উড়ছে ঘুড়ি, এখন কার্ত্তিকমাস
  কমলালেবুর গাছের মাথায় ফোটে নক্ষত্রের ঝাঁক
  আমি বেশ কয়েকটা গণহত্যার আয়োজন গুছিয়ে ফেলি অনেকদূর ।

যেমন এই প্রজাতন্ত্রের অন্তর্গত যাবতীয় স্বরবর্ন, ব্যঞ্জনবর্ণদের
এক জায়গায় জরো করে, একে একে পুঁতে ফেলি, আমি এই পৃথিবীর
ঢোল, উঁচুনিচু, মাতৃতান্ত্রিক পেটের ভেতর। ”
( জেনোসাইড )

“ কাকে দিয়ে যাব প্রিয় ?
  ক্ষমাহীন ক্রোধ দেব কাকে ?
  অঢেল অশুভ রক্তের ভেতর আমাদের দেখা হল
 ভালোবাসার কথা কি আর আমায় মানে ?”
( সাতশো তারার তিমিরে )

“ আমি বৃষ্টি, ঝড়, ঘুম, স্বমেহন, দিন, সফলতা, শস্য, মানুষ শয়তান দেবতাকে চুরমার
  করে রয়ে গেছি । পৃথিবীর যাবতীয় অধর্ম থেকে উৎপন্ন, সকল পাঠ্যপুস্তক থেকে দূরে, আমি
রয়ে গেছি । আমি । আমি ।

এবার পূজাভ্রমণে তুমি কতদূর যাবে আমি কেবল বনভূমি দেখালাম ।আমি কেবল
অন্ধকার দেখাব ।”
( আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় )
ওই অন্ধকার দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি ।
বইটি প্রকাশের জন্য দেবরাজকে শুভেচ্ছে ।
জানি, সে ‘পৃথিবীর যাবতীয় অধর্ম থেকে উৎপন্ন, সকল পাঠ্যপুস্তক থেকে দূরে’ রয়ে গেছে । কবি । পাখি ।


( ছবিঃ ক্রিস্তান বাজ্ঞালে) 

প্রাবৃষার কবিতা ১২

Related image

বিকল্প
          -প্রদীপ চক্রবর্তী

নিজস্ব থেকে দূর , জল থেকে অদূর
ক্রমশ নিঃশেষের হলুদবরণ ফুল অবদি
সেও তো সাতসুর নিয়ে স্থির |
সময় তরঙ্গাবলি |
বিকল্প কুসুমিত পিয়ামুখ ,
কীসের টানে মরসুমি রেওয়াজে
দৃশ্যত যে মেয়েটি ,
প্রথমবার
              ভুল
               বিনিময় করে ...!

রক্ষিত বনের মতো আকাশছোঁয়া
শিশির বিষয়ী বসুধা ,
যে কোনো গোপন , একটুখানি ভাঙা পাত্র
একটুখানি ছা - পোষা সবুজ
                   চকিত ছড়িয়ে যায় ...

পূর্বাপর , স্পর্শাতীত ভুল থেকে
উপদ্রুত পতঙ্গের ঝাঁকে
মন্থিত পাখি ওড়ে ...

মুঠোর মধ্যে পাহাড়তলীর পাথর ...
পুনরাবর্তনহীন ,
                 স্পর্শাতীত শরীর থেকে ,
গোলপাতা
                বনে
                      হেঁটে আসে
                                ছায়াবাঘ ...

( ছবিঃ জিয়ানে বেসেট ) 

প্রাবৃষার কবিতা ১১

Image result for abstract rain


 সাড়াশব্দ পিছিয়ে গেলে
                   -সম্পিতা সাহা

অনবরত পিছিয়ে পড়ছি,
কবেকার বাদামি আলো ছেঁকে নিয়ে
সবাই খেয়ে ফেলছে ন্যাড়াকান্না।

অত কথা বলতে হয় না এসময়...
সমস্ত ইমোটিকন পেনশন দ্যায় আমাদের,
নতজানু হয়ে বসে থাকে একটা ভ্যাবলা ঘ্রাণ
আর একটু একটু করে তোমাকে জুড়ে দ্যায় অন্য কারো সাথে।

কারবালার মাঠ থেকে তুলে আনি মৃত্যু,
অস্থি আর ঘি পোড়ার গন্ধ একেবারে এক...
একটা শুধু জলে ভাসে, আরেকটা মিশে যায় আদ্যোপান্ত।

কত কী কিনে আনি নিজের জন্য,
সমস্ত পছন্দ কেবল অভ্যেস'রা চেনে।
পোড়াজল। হাতে লেগে থাকে এলাহি আয়োজন।
অথচ হাতে হাত ঘষতে ঘষতে উঠে যায় চেনা উত্তর।

একটুআধটু করে কোনো মুখস্থই মনে থাকেনি একটানা...






( ছবিঃ লী ফিটস )

প্রাবৃষার কবিতা ১০

Image result for abstract rain

লিফটের ভেতর 
                         -নীলাব্জ চক্রবর্তী


এই যে অক্ষরগুলো, শব্দগুলো
লিফটের ভেতর সেজেগুজে
নিজেরা নড়েচড়ে জায়গা করে নিয়ে দাঁড়াল
আর
বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল
ভারী স্মৃতিরা
পর্দা থেকে দূরে
পর্দার রঙ উড়ছে
স্পিড-ব্রেকার
এই দুঃখবোধ আসলে যৌনতার অর্থোগোনাল হয়ে
সারাদিন এক আয়না ঘষতে ঘষতে
আই রিপিট ইয়োর অনার
ফ্রেম
একবারই ভাষার কাছে এসেছিল...

( ছবিঃ কাইরি-ইস-ডার্ক )

প্রাবৃষার কবিতা ৯

Image result for  shadow paint  rain

আর্ট অফ লাইফ
                        -অনু সঞ্জনা ঘোষ 

দু একটা ভুলের পর শিখে নিয়েছি পা গুনে গুনে চলা। পুরোনো স্বভাব, চোখে চোখ রেখে কথা বলা। মুঠো ভর্তি জড়ো হয়েছি আমি। কান জেগে শোনে বাতাসের কানাকানি....

শিরায় শিরায় এখন ছুটন্ত ঘোড়া। দাবানল গ্রাস করেছে লোহিত কনিকা।

মন মস্তিস্ক গ্রাফ শিখে নিচ্ছে।শিখে নিচ্ছে জ্যামিতিক ওঠা নামা।

 হাওয়ার উড়বে পতাকা..

(ছবিঃশাটারস্টক)