Sunday, 16 September 2018

নভস্যের কবিতা ৬


Image result for cloud photo from plane

সকলেই থিতু হইলো নদীমাতৃক সভ্যতায় 
                                              -রঙ্গন রায় 


কলেজের সুন্দরী দিদিরা , যাদের ওপর ঘনঘন ক্রাশ খাওয়া যেতো
আমার বড় হওয়ার আগেই তারা মা হয়ে গেলো আশ্চর্য স্নিগ্ধতায়।

যারা নার্সিং ট্রেনিং নিতে গেলো , মনেপ্রাণে  তারা নাইটেঙ্গেল এখন
প্রতিটি নতুন  শিশুর বাড়ি যাওয়ার সময় একবার করে প্রদীপ  জ্বালিয়ে দেয়

শেষ সময়ে বলেছিলে ভালোবাসি , সমুদ্রের মত বিশাল হতে চেয়েও
ক্ষুদ্র আমি রয়ে গেছি সমতলে , তুমি পাহাড়ের মত উচ্চতায় উঠে গেলে

অন্ধকার লেডিস হস্টেলে বৃষ্টি পড়ছে। কাঠের দরজা খুলে দাঁড়িয়ে আছো
তুমি , একা , আমার ছাতা হারিয়ে গেছে , যতটা মহেঞ্জোদারো

এই বন্ধুত্বের ম্যাচিউরিটি আজ শেষ হবে বলে তুমি সারারাত
আমার সাথে গল্প করো  , আউট অফ রীচে দাঁড়িয়ে

 বান্ধবীদের ধারণা  আমি খুব ভালো আছি , 'ভালো থাকা' সভ্যতার সাথে
মানুষের একটা অবিশ্বাস্য বেঁচে থাকার নাম।

(ছবিঃসান্তিয়াগো বোজা)

নভস্যের কবিতা ৫

Image result for cloud photo from plane


কিছু জারজ উঠোন
                          -জ্যোতির্ময় মুখার্জি

আমাদের প্রত‍্যেকের নামের পাশে একটা অদৃশ্য পেন্ডুলাম ঝোলে, যদিও তাকে দৃশ্যে পরিণত করতে একটা আয়নাই যথেষ্ট


এইসব রোদের আস্তিন বা পুরনো আলোর ক্ষেত আয়নায় ভেঙে পড়লেই একটা সাদা এবং একটা কালো বা কিছু অবতল আপেল, মূল বিন্দু থেকে দূরে আরো অনেক দূরে স্টক্ গুনে গুনে মিলিয়ে নিচ্ছিল চাহিদার ওভারল‍্যাপিং


এতদূর অবধি খুলে গেলে হাত, ঠিকই আছে। তুমি এখন নিশ্চিন্ত মনে গুলিয়ে দিতে পারো লাল শাড়ির মেয়েটিকে। ফেলে দাও বা ভরে নাও কিছু জারজ উঠোন

(ছবিঃসি এন এন)

নভস্যের কবিতা ৪

Image result for mother of pearl clouds

আঁতুড়ঘর
           -স্বাগতা সিংহ রায়

জীবন আর কিছুই নয়
লঘুবৎ গুরু
অগ্নিবায়ুযোগে অহেতুক পরমান্ন

কাউকে পুড়িয়ে কারোর নিষ্কৃতি

হঠাৎ যে জন্ম, জন্মান্তর
অলীক মধুছায়া
আদতে শূন্য নিবাস
কপর্দকহীন

যেনেই অথচ পরিপূর্ণর সকলি
ছুঁড়ে দিই মঙ্গলঘট
সার্থক এ আঁতুড়ঘর
ছিন্ন হৌক আনন্দে

(ছবিঃ পিন্টারেস্ট)

নভস্যের কবিতা ৩

Related image



অসম্পূর্ণ 
            -জয়শীলা গুহ বাগচী

আমার ডানায় ফোঁটা ফোঁটা ভাত পড়ছে
স্বাধীন মনোলগে
একটি পা সমেত স্মৃতির ছুড়িকাঁচি
অপেক্ষা করে আছে
দ্বিতীয়টি দৃশ্যের ওপর ছড়িয়ে যাচ্ছে ক্রমাগত
দাঁড়িয়ে থাকার গন্ধ একটি উপকথামাত্র
কুমোর, তাঁতি, জোলার গল্পের মতো
যাদের উপসংহারে
আমি একটি পায়া ভাঙা রাজা রাখি
ভালবেসে কাঁকড়াও দিই একটি
বগবগ করে ফুটে ওঠা অতীত থেকে
বাষ্প ধরে ধরে ভাপিয়েছি লেখাপত্তর
আর
ভাস্কো ডা গামার আধপোড়া মাস্তুল
যা কিনা আমার ঘাড়ের ভেতর
স্পষ্ট একটি অনুচ্ছেদ
শ্বাস থেকে অন্ধ গলি পড়ে
বিশুদ্ধ নকল পড়ে 
পিঠ জুড়ে আঁকা হয় উথলে পড়া
আর
বেড়ে ওঠা নষ্ট গানের উল্কি
শব্দের ঢেউ আছড়ে পড়ার আগে
শাঁখামুটি কবিতার রঙে 
অক্ষর থেকে বিচ্ছিন্ন করি ধ্বনি
ক্রমাগত অসম্পূর্ণতা পূর্ণ করে আমাকে
আধপচা মাস্তুল উড়িয়ে
কবিতা থেকে বিষ ছড়ায়
আমি ভাসি আমার সংগ্রহের খাড়িপথে
নোয়া গুছিয়ে অন্তর্গতে ভেসে যাই

(ছবিঃ স্পিরিচ্যুয়াল ভিগর) 

নভস্যের কবিতা ২

Image result for noctilucent cloud

অসবর্ণ 
             -অভ্রদীপ গোস্বামী


সুরতহাল শেষ করে ফিরিলাম উঠানের কোণে
জোড়াশালিখের ফেলে যাওয়া গুয়ের ওপর বসলাম
চোখের সুরমা আর হাতের উল্কি এখনো স্পষ্ট
যতোধিক স্পষ্ট আর সুগন্ধ ছড়ালো সম্পূর্ণ একবোতল আতর



নাভিদেশে সেলাইটা একটু বড়ো, শিরস্থান
অক্ষত থাকবে চিরদিন কী বলেছিলাম না
সগর্বে ঘোষণা করলেন গনক ঠাকুর
বহুক্ষণ চেয়ে আছি পেটের ফুটোর দিকে এফোঁড়ওফোঁড়



সমগ্র কবিতা শরীরে মৃত এই দেহটি ছড়ালাম
উলুধ্বনি দিতে নেই জেনেও সমস্ত শরীর কষে
বাজালাম উলু...
আর শেষবর্ণে ছন্দ ভেঙে যাবে বলেই
তোমাকে উৎসর্গ করলাম আবৃত দেহটি সৎকারের আগেই...

(ছবিঃ পিন্টারেস্ট)


নভস্যের কবিতা ১


Image result for noctilucent cloud


বোতামঘর 
              -সু চক্রবর্তী



চোখ বন্ধ হয়ে যায়

জরৎদুপুরে নিশিগন্ধা


অভিবাদন করে তোমার।
শার্টের বোতামে করা
হেমসেলাই, সুইই

(ছবিঃ জ্যান কোয়েমান )

Thursday, 12 July 2018

উষ্ণিকঃ শাওনরঙা সংখ্যা

Image result for milky way galaxy painting

"প্রত্যাসন্নে নভসি দয়িতা জীবিতাবলম্বনার্থী
জীমূতেন স্বকুশলময়ীং হারয়িষ্যন প্রবৃত্তিম"

 উষ্ণিক

শাওনরঙা সংখ্যা