Thursday, 14 February 2019

উত্তরায়ণের কবিতা ১

Related image


প্রেমের কবিতা 
                 -রঙ্গন রায়


প্রতিটি প্রেমিকা আসে , কবিতা উপহার দেয় , তারপর চলে যায়। 
আমি নিজের লেখা সব কবিতা গুলো বারবার পড়ি , অক্ষর হাতড়াই 
খুঁজে দেখি প্রেমিকাদের অস্তিত্বের সুন্দরী গন্ধ 
এসব দিনেই আমি সুস্থ থাকি ভীষণ 
আসলে কেউ সারাজীবন থাকেনা বলে 
একা থাকা শিখি , রাস্তায় বেরোই , চায়ের দোকানে চা খাই 
চাওয়ালা জানায় , ওই মেয়েটি তোমায় ঝাড়ি মারছিল এতক্ষণ 
নিজেকে সন্দেহ করি , সেই মেয়েটি কোনোদিন জানবেই না 
এতক্ষণ আমিও তাকেই দেখছিলাম - 
প্রতিদিন বন্ধুদের সাথে সম্পর্ক কীভাবে যেন ঝিমিয়ে আসে 
ভালো লাগেনা , জীবন দেখা যায় , উপলব্ধি করা যায়না। 
তবু ফিরে আসি , সাইকেল চেপে ফিরে আসি , 
ঝুড়িতে পাউরুটি নিয়ে ফিরে আসি - 
রাত বাড়ে তাকিয়ে থাকি খাতার দিকে 
কে লিখবে কাকে এই প্রশ্ন চিহ্নের মাঝে এসে দাঁড়াই 
প্রশ্নচিহ্নের তলে থাকা কালো বিন্দুটা বুলেটের মত গেঁথে থাকে বুকে 
পাউরুটির গুড়ো মুখে সারিবদ্ধ পিপড়েদের সাথে আমিও হাঁটতে থাকি 
সারিবদ্ধভাবে হাঁটি , মিছিলের কথা মনে পরে ...

(ফোটোঃ জেমস ওয়েলিং) 

উত্তরায়ণের কবিতা ২

Image result for abstract photography


পাঁজরের কাছাকাছি‌
                            -জ্যোতির্ময় মুখার্জি 



আঙুলগুলোকে কিছুতেই ধরতে পারছি না। পিছলে পিছলে যাচ্ছে আঙুলের তলা দিয়ে। অথচ ধরতে সুবিধা হবে বলেই তো কাটা চামচ সরিয়ে রেখেছিলাম পাশে


কে যেন বলেছিল, ওরে কাটা চামচ রাখ। হাত দিয়ে খা। অতো স্টাইল্ মারিস না দিকি। আর আমি তখন সবেমাত্র চামচটাকে বসিয়ে ফেলেছি পাঁজরের কাছাকাছি‌। আস্ত একটা বুক মুখে ঢুকবে কি ঢুকবে না এমন সময়…


এই যে আঙুল। তার তলা। তার’ও তলায় মস্ত একটা হাত। কাঁধ থেকে ঝুলে। ঘুমিয়ে বা ঘুমের ভান করে মটকা মেরে পড়ে আছে, তাকে জাগাতে এতো চামচের আয়োজন কেন?




(ছবিঃ শ্যারন কামিং) 

উত্তরায়ণের কবিতা ৩

Image result for abstract photography

ধুলোমেঘ
             -পিয়াল রায়

ধরা যাক একটা আলো
এগিয়ে আসছে তোমার দিকে
আর তুমি
দাঁড়িয়ে আছ দু'হাত মেলে

ধরা যাক এখানে
শূন্য নামে কোনো মাধ্যম নেই
নীলচেরঙা চামড়াও গায়েব
তাহলে কি তুমি পানি হবে?
অথবা মাছরাঙা, পানকৌড়ি

একবার নিজের দিকে তাকাও
দেখো সেখানে কোনো নিঝুম দুপুর
মুঠো মুঠো ভিজে বাতাস ছড়িয়ে রেখেছে কিনা

যদি বাতাসের গন্ধ তোমাকে
চিনিয়ে দেয় কোনো একদিন
বৃষ্টির পর গোলাকার চিহ্নের মতো
বিদ্যুৎ জ্বলেছিল গাছেদের মাথায়

তাহলে জেনো,
সমস্ত আলোই এরপর তোমাকে
ছুঁতে চাইবে

যদিও তুমি তখন অশরীরী এক

ধুলোগন্ধভরা মেঘের ভিতর

(ফোটোঃ হোলী ম্যার্টলিউ )

উত্তরায়ণের কবিতা ৪

Image result for high contrast abstract photography

সম্বল
      -গৌরাঙ্গ মন্ডল


যেহেতু মুদ্রণ ছিল বঞ্চনার একমাত্র সহায়

শোকের প্রেরণাবৃত্তে
মগজ ঘেরাও হল, ধীর
এ-যেন মৃতের পায়ে অনাত্মীয় পাপ
অপারে কী! জানার মোহে ভেঙে পড়ছে নিঁখুত ঈর্ষায়

দুঃখেরা অলীক আর
প্রকাশও যথাযথ নয়

তেমন মুহূর্তে কষ্ট জেগে ওঠা পূর্ণ নিরাময়

(ফোটোঃ বেরী ব্লগ) 

উত্তরায়ণের কবিতা ৫


Image result for abstract art black and white

আরশি
        -দেবারতি চক্রবর্তী


সময়ের নদী আছে একটা

যেতে হলে চোখ বন্ধ করতে হয়

সেখানে অনেক স্বপ্ন

তুমি আমি আমরা চরিত্রসব বিলুপ্ত

( ফোটোঃ নাতালি কিন্নিয়ার)

উত্তরায়ণের কবিতা ৬

Related image

বেলাশেষে
             -অভিশ্রুতি রায় ভট্টাচার্য 


তুমি প্রতিবার লিখে রাখছ আঙিনা

এই শহুরে রাস্তা কোনো ইস্তফা দিতে শেখেনি

তাই  প্রত্যেকটি বেড়ে ওঠা জড়ুলে সূর্যাস্ত নেমে এসেছে

এই সবকিছু মেখে নিলে

বাকিটা শুধু ঘামঘাম ভিজে ওঠা

আমাকে নিয়ে যায় আরও অনেক পশ্চিমে

আরও অনেক মেরুতে

সেখানে আজ অবধি কোনো শ্যাওলা ধরেনি

কোনো রং বলে ওঠেনি
আজ আমার জন্মদিন

(ফোটোঃ ডেভিড জি পল )

উত্তরায়ণের কবিতা ৭

Image result for abstract art black and white

ক্ষত
    -নীলাব্জ চক্রবর্তী



এডিটেড স্মৃতির ভেতর যে ফোকাস
নড়ে উঠছে
স্পর্শে
আমি খুব স্বাভাবিক আঙুল
শুধু ছায়াতেই
দৃশ্যমানতায় রেখেছি যা যা এলিমেন্টস
ক্ষত হয়
স্ফূরিত এক কমলা অভ্যাস তার নুন
খুলে রাখা সেতু
এই যে নতুন মাংসের দিনে পাউটিং
ঘুরে আসা রোদ
জল হয়
এক বৃক্ষ সারফেস হয় কার পালকে
দেওয়াল থেকে দেওয়ালে
উঁচু শব্দ অথচ...

(ফোটোঃ রজার কোয়েনিগ)