Friday, 9 March 2018

কুসুমাগমের আশ্চর্য ধারাবাহিকঃ হারিয়ে যাওয়া নব্বই- পর্ব ৮

Image result for abstract painting estonia

‘ফিরে পাওয়া মানে আবার হারানো শেষমেষ’
প্রলয় থেকে প্রলয়ে 
  - অনিন্দ্য রায়


বন্ধুত্ব হারায় না, নব্বই হারায় না ।
তবু, কেউ কেউ আজ আর আমাদের মধ্যে নেই । নব্বইয়ে কবিতাবন্ধু হারানোর যন্ত্রণা আমি প্রথম পাই তার কাছ থেকে ।
“ বিষণ্ণতা, ফিরে পাওয়া রুদ্রদিন
  আপনাকে যোগভাগের সরল নিয়ম
  শেখানো হলে শুরু থেকে  নষ্টামো
  সংক্রান্ত স্কুলিং-এর হাল হকিকত
  হানাদার বিশ্বাসগুচ্ছ হাতে নিয়ে
  মশারি গোটানোর প্রতিযোগিতায়
  বোনাসসমেত আইফেল প্রচ্ছদে
  জেগে থাকা আটজোড়া সিলভার দণ্ড
ও যাদুকরের আটরঙের কোমরবন্ধ
এবার আপনাকে শেখানো হবে
চিমনিবিহীন উড়ে যাওয়া এবং সরল
থেকে জটিলীকরণ, ফিরে পাওয়া মানে
আবার হারানো শেষমেষ
লাশঘরের দিবারাত্রি”
( ফ্রেম )
‘ফিরে পাওয়া মানে আবার হারানো শেষমেষ’, কিন্তু হারিয়ে যাওয়া মানে ফিরে পাওয়া নয়; জীবন মরণের সীমানা ছাড়িয়ে চলে যাওয়া তার ।
ছিল কিডনির অসুখ, গ্লোমেরুলো নিফ্রাইট্রিস আর শরীরময় ছিল অভিমান, ভালোবাসা, বিরহ ।
একটা সময় এই শহরেই থাকত সে, আমাদের একই বন্ধুবৃত্ত, সাইকেলে ঘোরাঘুরি, হইচই । তখন কলকাতা মাঠের স্টার স্ট্রাইকার সঞ্জয় মাজীও তার বন্ধু । অথচ সে নিজে কোনো আক্রমণভাগেই নেই । নির্জনতার ব্যাধি একটু একটু করে গ্রাস করছে তাকে ।
“ প্রতিদিন কিছুটা ছায়ার লোভে সকাল সাড়ে ন’টা
   প্রতিদিন কিছুটা সুগন্ধের লোভে
  নাক উঁচিয়ে সকাল সাড়ে ন’টা ।

আমাদের হাজার বছরের পুরনো সম্পর্কহীনতায়
বার বার ফিরে আসে সকাল সাড়ে ন’টার ডকুমেন্টারি
সকাল সাড়ে ন’টা মানে আলতো করে
মুখ নামিয়ে শিশুপাঠ থেকে বিরতি
সকাল সাড়ে ন’টা মানে যাবতীয় ফাইমরমাস
সকাল সাড়ে ন’টা মানে নির্দিষ্ট জনের
চিন্তা জড়ো হয়ে থাকা একটা গোটা হৃদপিণ্ড
সকাল সাড়ে ন’টা মানে পদক্ষেপের হিসেবে ।

আমাদের সবার জন্য আবার কোন সুগন্ধ
উড়ে এলে সাজিয়ে ভরিয়ে রাখব
সবকটি আলো হাওয়াময় আসবাব

এখন থেকে সময়কে সাজিয়ে রেখে শুরু
করব সকাল সাড়ে ন’টা থেকে
সকাল সাড়ে ন’টায় আরেকটা দিনের দেহগন্ধ
সকাল সাড়ে ন’টায় আরেকবার সমস্ত কিছুর জন্য
মনখারাপের ছড়াছড়ি ।”
( মৌমিতার জন্য প্রথম কবিতা )
 সে প্রলয় মুখোপাধ্যায় ।
‘দুঃখ যন্ত্রণার কাটুম-কুটুম’ প্রকাশিত হয় ১৯শে জানুয়ারি ২০০২-এ, সে তখন আমাদের মধ্যে নেই। বইটি প্রকাশ করেন ‘কবিতা দশদিনে’র পক্ষ থেকে রাজকল্যাণ চেল। প্রচ্ছদ- ভারতের গুহাচিত্র অনুসরণে স্বরূপ চক্রবর্তী ।
এই তো কদিন আগে আরেক প্রয়াত কবির স্মরণসভা থেকে ফেরার সময় আমি রাজকল্যানদার বাড়ি থেকে বইটি সংগ্রহ করি। প্রলয়কে, কবি প্রলয়কে যেভাবে আগলে রাখতেন রাজদা আজও প্রলয়ের বই সেভাবেই যত্নে রেখেছেন । যেন এক প্রলয় থেকে অন্য প্রলয় অব্দি ।কেয়ামত সে কেয়ামত তক - এই রসিকতা ছিল তার সাথে আমার দেখা হলে, তারপর ছিল জড়িয়ে ধরা ।
“ পরিচ্ছন্নতা গিলে খায় সবকটি আতরসন্ধ্যা
  অক্‌টোপ্যাডে নৃত্যরত সৌন্দর্যসকল
  চাবিখোলা থেকে বৌখেলা মধ্যরাত্রির কনসার্ট
  অ্যাকাটিং  জোন থেকে বোতলঘর ও
মাইক্রোস্কোপিক ছিটকলে ঠাণ্ডামেশিন
বিশ্বনাগরিকের ফিতোমুক্ত ছুরি
  ঘুম নাস ধরলে আপনিই বিশ্ববাউল একসাথে বলুন
‘উই আর নট অ্যালোন’ ।”
( সেলিব্রেট )
এতদিন পর তার কথা মনে পড়ে; মনে পড়ে তাহার কথা । কোন সে প্রলয়ে চলে গেল !
হারানো বন্ধুকে নিয়ে সবকথা একবারে বলা যায় না, হয়ত কখনোই যায় না, তবু পরের সংখ্যায় আবার প্রলয় ।

(ছবিঃ অ্যান্ড্রেস সুতেবাকা) 

কুসুমাগমের কবিতা ১৮

Image result for abstract painting new zealand

পর্যটন
         -দেবারতি চক্রবর্তী


বড় রাস্তা হেঁটে শেষ করেছি
এবার পাহাড়ের দিকে
ধোঁয়া ধোঁয়া চোখ আর সবুজের ছোঁয়া

এবড়ো খেবড়ো গ্রাম ছেড়ে সমান্তরাল বাস
পাখির সঙ্গি হয়ে আকাশ পাড়ি
মাছের চোখে জল দেখা।
যা বলেছিলে

কথায় এড়িয়ে গিয়ে
গল্পে কৃত্রিমভাবে
চিঠিতে আমাকে ধরা দেয়।

(ছবিঃ টিমোথি জোন্স )

কুসুমাগমের কবিতা ১৭

Image result for abstract painting syrian artist

রাগ
       -সুতপা চক্রবর্তী 


১.

অভিশাপের আরাম কেদারায় বসে মেয়েটি ধরে বৃন্দাবনী সারঙ

বাদী রে সমবাদী পা এর চোখে তখন ও ঘুমঘোর...

২.
জোছনা বৃক্ষের পাতায় জল পড়ে আপেলের জন্ম হয়

হিজল নদীর তীরে দাঁড়িয়ে ইভ অপেক্ষা করে সূর্যাস্তের


(ছবিঃ সান্দ্রা বুসিচেভিক )

কুসুমাগমের কবিতা ১৬

 Related image


একটাই সাদা দৃশ্য 
           -নীলাব্জ চক্রবর্তী



মাংসের ভেতর পুঁতে রাখা গানের টুকরো
কৌতূহলের টুকরো
ঠাণ্ডা একটা অভ্যেসের দিকে
গড়িয়ে
মেলা থেকে একটা বাস মেলার দিকে
বাসের মতো
কবিতার মতো একটা কিছু
দীর্ঘ কথাবার্তায়
আয়নায় জল ফিরে যাচ্ছে
হ্যালো স্তন
ভাষার দিকে চলে যাওয়া একটা লাল গাড়ি
ভাঙা ভাঙা ছায়ার দিকে চলে যাওয়া
চৌকো একটা দিন
এই তো ফ্রেম অর্থে
একটা সরল গাণিতিক প্রস্তাবনা
সরে যাচ্ছে
ভোজসভায় উড়তে থাকা চাদরের সাথে
একটাই সাদা দৃশ্য
টেনে নিয়ে আসছে অক্ষরেখা বরাবর...


(ছবিঃহেলেন আব্বাস ) 

কুসুমাগমের কবিতা ১৫

Image result for abstract painting turkey artist

জাতিস্মর 
            - অ নু স ঞ্জ না ঘোষ

তোমার উঠোন পেরিয়ে আমার এই জানালা।
জানালা অর্থে গোটা পৃথিবী। জানালা আমায় ঘুম পাড়ায়। গোটা রাত আগলে রাখে নরম আলোতে। চোখ ভিজে যায় আকাশ দেখতে দেখতে। তরপর এক সময় পুরোনো সুর আমায় গ্রাস করে। কখন যে আমি ভূগোল হয়ে পড়ি শহরের কোলে মাথা রেখে জানতেই পারি না। ধীরে ধীরে আবার কাছে চলে আসে পূর্ব। আর একদল তুলতুলে বাতাস আমায় জড়িয়ে ধরে । ভোর, তবু ভোরের আলো মাখিনি তখনও। চাদরে মুখ গুজে পুরোনো শহর মাখছি, ব্যস্ততা মাপছি পায়ের পাতায়। এখানে এখন কোকিল ডাকছে, বসন্ত কোকিল। কাকগুলো বাবার মত, ঘুম থেকে ডেকে তুলছে। শত ব্যস্ততা নিয়েও আমায় আগলে রেখেছে এই শহর। সিমলা স্ট্রীটের পুরোনো এই বাড়ীতে আমার পুনর্জন্ম লেখা।

জাতিস্মরের মতো খুঁজে বেড়াই আমার গতজন্ম।


(ছবিঃ শ্রীকান্ত কদম)

কুসুমাগমের কবিতা ১৪

Image result for abstract painting turkey artist


মধুচন্দ্রিমা
           -অভিশ্রুতি রায়


এই জন্মজ্বর খুঁড়ে খুঁড়ে
পালক থেকে যেভাবে আবিষ্ট
কেড়ে আনছো
তার জল, তার নাভিকোশ
অনন্ত থেকে কালের বিরাম দিচ্ছে
অস্বস্তি জুড়িয়ে দিয়ে
আরও ভান, আরও দেহ যাপন দীর্ঘ হয়ে বেড়ায়
যেভাবে ললাটকে আরও রক্তপূর্ন ভালো লাগে
সেই লাল, সেই করজোড়ে
রাত্রিবাস করবে পলাতকেরা
স্পর্শ কামড়ানোর মতো করে
এই পাঁজর নতজানু হবে
কত আবছায়া অস্থিরতা গিলে
গোপন করবে অন্তঃসত্ত্বার মধুচন্দ্রিমা

(ছবিঃঅ্যালেনা শ্যামকোনাক ) 

কুসুমাগমের কবিতা ১৩

Whirling Dervish 2 -- #Turkish #Painter #Artist #Gonul #Akin

প্রেম, তোমার কবিতাসকল-১
                   -জ্যোতির্ময় বিশ্বাস


গালের ওপর স্নায়ুর অসুখ নিয়ে আমি
বারান্দায় দাঁড়িয়ে আছি এখন। আর
ভাবছি, এ মধ্যরাত এই সাম্রাজ্য এহেন
সৈন্যদল একটিবার তোমাকে দেয়া যেত
যদি।



(ছবিঃ গোনুল অ্যাকিন )