Saturday, 30 May 2020

দহনকালের কবিতা ৯


Fire Study 1 | Rob Pointon


নিন্দিয়া
          -রা জে শ  শ র্মা 


একটি লোকের ভিতর আরেকটি প্রায়

অপসৃয়মাণ ভীতু লোক কিভাবে মারা যায়

ভাবতে ভাবতে অলীকবাবু এসে দাঁড়ালেন নাগরিকচাতালে
তখন উড়ালপুলশোভিত সন্ধ্যা নামছে সালাংকারা
পথিপার্শ্বে পড়ে রইল রোহানি আলো

আর কলম এর দেহলিজ্ পেরিয়ে বাজতে লাগলেন বড়ে গোলাম আলি খাঁ!



(ছবিঃ বব পয়েন্টন) 

দহনকালের কবিতা ৮


The Forest Fire by artist Suman Choudhury – Abstract, Painting ...


এভাবেই সকাল নামবে
                           -সুপ্রিয়া সু চক্রবর্তী

চলো বেরিয়ে পড়ি। আকাশ আরও গভীর হোক। রাত বাড়ুক রাস্তা দূর্গম হোক। সমস্যা নেই। বেরিয়ে পড়ার উদ্দেশ্যটাই সফল হোক। ওরা যে যা বলুক। যে যা করছে করুক। আমাদের ঘরের বাইরে বেরিয়ে পড়া দরকার। ভয় পেও না। লজ্জা পেও না। ওদের মারমুখের সামনে বেরিয়ে আসাটা জরুরী। তুমি বলো ইচ্ছেটাই আসল রাজা। দ্যাখো শহরের সব ল্যাম্পপোস্ট নিভে আছে, গাছেদের মতো চুপ -- ওদের দেখে ভাবো অরণ্যের গভীরে আছো তুমি। এসময়েই গুপ্তহত্যা করে পুঁতে দাও মাটির নীচে আমাদের ভিতরের যত বয়ে চলা ভয়ের ঢেউ। ঘরের আশ্রয় আমাদের এই দস্যুবৃত্তির আরাম দেবে না।

চলো তবে অন্ধকার খুবলে খেয়ে বেরিয়ে আসা যাক। হাতের মুঠোয় আয়না রেখো। ভ্রুমুদ্রায় অভয়। এ যাত্রা সফল করতে শয়ে শয়ে শব পেরিয়ে হলেও রক্তমাখা সড়ক ছেড়ে আগুন মাখা যাক। দাঁতে নখে শান দেওয়ার তাড়নায় রাজা উলঙ্গ হয়েছে অনেককাল আগেই, এখন বারুদ চুরির আগে চলো, বেরিয়ে পড়া যাক।



(ছবিঃ সুমন চৌধুরি) 

দহনকালের কবিতা ৭

Temple Of Fire Oil Painting By Nina Polunina | absolutearts.com


একটি বিভ্রান্তির কবিতা
                               -শতানীক রায় 

এই পৃথিবী জন্মানোর ঠিক কতদিন পর আমি জন্মেছি
এরকম কথা মনে হতেই উঠে বসেছি।

অনেক রাত তখন।
কিছুদিন আগেই একজনের সঙ্গে কথা হচ্ছিল
গীতার বিশ্বরূপদর্শন যোগ নিয়ে

সেদিন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম
তারপর বালির স্বপ্ন দেখি।
আওয়াজের শরীর দেখি
বালিহাঁসের ঘুরে বেড়ানো লম্বা উঠোন
লম্বা মানুষের গল্প
তারা কী করে উপন্যাস পড়তে পড়তে ভাসে
তাদের শরীরে কখন খাঁজ খাঁজ অন্ধকার জমে
উড়ে যায় হামাগুড়ি দিতে থাকি দেখি
ফুল ফলে মূল্য হারিয়ে ফেলেছি আমি,
আমার কোনো চিহ্নবাসনা নেই
চিকিৎসাও নেই
সবুজসাপ নেই
চাল-ডাল-শস্য-পৃথিবী রং কিছুই নেই।

হাওয়ার শরীর
হওয়া আছে
উড়তে দেখি
আবার বানরের ঘুম দেখি
থালা বাসনের গন্ধ ঠুকে ঠুকে কোনো গল্পহীন
ঐতিহ্যে ঢুকে পড়ি।

এরকম বারবার হয়
কারিগর আসে
কারিগর যায়
ভুলে যাই বদলে যেতে
কথা ভুলে যাই
আওয়াজ হারিয়ে ফেলি

একইসঙ্গে ঘৃণা ভালোবাসা পেয়ে বসে
আলো অন্ধকার
আকার নিরাকার পেয়ে বসে
জল পেয়ে বসে
পুকুরের গাছ পেয়ে বসে
সাপের চলন পেয়ে বসে
'খুব' শব্দটা পেয়ে বসে
ফিরে ফিরে আসে কিছু
ফিরে আসে শরীর
ফিরে আসে তারা খসা রাত
ফিরে আসে বিদেহী তান্ত্রিক 
গভীর থেকে আরও গভীরে যাই
আমার জন্মানো কোনো এককের দিকে যায় কী,
কোনো শূন্য অগোচর
প্রাচীন মহাসাপের দিকে?       


(ছবিঃ নিনা পলুনিনা)

দহনকালের কবিতা ৬


Otto Piene: Fire Paintings 1965- 2009 | Wall Street International ...

বার্তা 
      – উমা মণ্ডল

চৈত্রের   দুপুর । হলুদ  পাতার  অভিমান  দেখি  না  , দেখি  না  তার  ঠোঁট  থেকে  খসে  পড়া  রক্ত , কান্না.........খরা  বায়ু  ছিঁড়ে  নেয়  শিকড় -বন্ধন ; পড়ে  থাকা  ছাল  ওঠা  ছাদ , একাকী  ঢেকেছে  মুখ  কার্নিশের  কুঁড়েঘরে ।


প্রলেপ  লাগাই  ওষুধের.........মমি  বিছানায়  শুয়ে  থাকে  মৃত  গাছ  । বাহকের  দল  ফিরে
যায় । হাতে  পাখা  নিয়ে  বসে  থাকি  যখ  হয়ে । নীলকণ্ঠ  দেখে  যায় , উড়ে  যায়  মিশরীয়  কাব্যের  পাতায় ; হিব্রু  মুক্তি  পেয়েছে  আদিম  শিকলের  খাঁচা  থেকে । লুপ্তপ্রায়  সভ্যতার সাথে  চিঠি  প্রণালীর  সূচনা  হয়েছে । নীলনদ  খুলে  দেয়  অববাহিকার  পথ । বিষাদের  অক্ষরবৃত্ত  বার্তা  পাঠিয়েছে ; চিঠি  নিয়ে  দরজায়  তুতানখামেনের  যখ............

(ছবিঃ ওটো পিয়েন)
                             

দহনকালের কবিতা ৫

Russian Artist Eduard Grossman Art For Sale - 9 Listings

মেঘ, এক, দুই
                  -জয়ীতা ব্যানার্জী

(১)

মেঘের অনেক নীচে তার ছায়াখানি পড়েছে এমন
যেন কোনও বিরহীর খোঁপা, আপাত বিষণ্ন
তবু আলোকসম্ভব

আমি এই বৃষ্টির দিন ভালোবাসি

হাড়ের মতো বিবর্ণ, অথচ সমুজ্জ্বল এই ভালোবাসা

(২)

ভোরের সমুখে বসে পাখিদের ব্যস্ততা দেখি
দেখি পিঁপড়ের হেঁটে চলা, পতঙ্গদ্বয়ের অভিসারও
পাতা সরানোর শব্দে মনে পড়ে গতরাতে ঝড় হয়েছিল
হাওয়া এখনও শীতল তাই। দূরে একফালি মেঘ
বৃষ্টির গৌরবে আলো হয়ে আছে
ভাবি সমস্ত জীবন এই একই কাজে তারা
পারদর্শী। অথচ কী নিরুত্তাপ
রাত্রির শোকেও কেউ অঝোরে কাঁদে না

(ছবিঃ এদুয়ার্দ গ্রসমান)

দহনকালের কবিতা ৪


Van Gogh inspires Jason Brooks - Van Gogh Museum



একান্ন পিঠ– বিষ, ২০২০
           -সু ত পা  চ ক্র ব র্তী 


সংসার সুস্থির
বয়স্থা স্বামী এসে খেয়ে যান অন্ন

তাঁর দুচোখে  জ্বলজ্বল করতে
থাকে আলস্য, বালিশ

স্ত্রী বৃদ্ধাটি তখনও  জীবিত
পাশের হারে সবেমাত্র গোল্লাছুটের
বয়স পেরিয়েছে

ডানপক্ষ অবশ!

স্বামীসঙ্গ করে, চিৎকারে

আজানে, গানে মাঝেমাঝেই সুর
তুলে একান্ন জীবন

অকলঙ্ক দেহ,দেখিতে দেখিতে পরবর্তী জন্মান্তরে সেঁধিয়ে যায়

(ছবিঃ জ্যাসন ব্রুকস)

দহনকালের কবিতা ৩

Textured Fire Sunflower" by Nadine Rippelmeyer | Sunflower art ...

একটি নিওলিথিক লেখা
                                -পায়েলী ধর

পাথরও আঘাত বোঝে
ক্ষত বোঝে, হননও সে জানে
তথাপি আঙুলে তার
গূঢ় নখ, বেগতিক ঘৃণা
বুকের আকাশ খুলে
বেলাগাম থুতু ছুঁড়ে মারে
চাবুকে চাবুকে যেন
তুলে নেয় যাবতীয় শোধ—

আমি ওর দু'হাতের মাঝে
আরও কিছু জড়ো হই রোজ
দেখি কোনও নিচুগামী জলে
ঝুঁকে আছে বাঁশি ও বিহান
পাথর আহত ছিল একা
এই ঠিক আমরা যেমন


(ছবিঃ নাদিন রিপেলমায়ার)