Wednesday, 10 October 2018

কাশফুলের মাসের অনুবাদ কবিতাঃ রোমানিয়া থেকে ড্যান সোশিউ

Image result for dan sociu


খিড়কি

আমি পেনের জন্য পকেট হাতড়ালুম, আর হাতে উঠে এল একটা টুথব্রাশ
এটাও শহর-দখলের একটা উপায়
রোজ রাতে নতুন নতুন বিছানায় ঘুমানো
এই যেমন, দু'দিন আগেই আমি এক সুরক্ষাকর্মীর বদান্যতায়
এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের অফিসে ঘুমিয়েছি
শাদা কোট, ছুরি-কাঁচি-সিরিঞ্জের মাঝখানে!
টেবিলের পায়ায়!
তার চাইনিজ নরম পাদু'টো টেবিলের পায়ার পাশে ঝুলছে
সে শিশুবিভাগ থেকে জুতো কিনছে
বিপর্যস্ত হচ্ছে এমন এক মানুষের হাতে
যার অঙ্গভঙ্গি অত্যন্ত পেশাদার
আমার চূড়ান্ত বিপরীত
আমার নিষ্ক্রিয় ভাবমূর্তিতে হাত বুলিয়ে
যন্ত্রণা খুঁজে আনে

আমি এক বান্ডিল কাগজ খুঁজতে গিয়ে কেবল একটুকরো কাগজ পেলাম
আর সিদ্ধান্ত নিলাম, ওটা পশ্চাদ্দেশে গুঁজতে হবে, কেননা রাস্তাঘাট বড় ঠান্ডা
আমি বড় ক্লান্ত, দাঁড়িয়ে একটু পান-আহারের উপযুক্ত নই
যেটা আমি লিখতে চাইছি
টেবিলের পায়া আর ভালোবাসা নিয়ে একটা পংক্তি
আমার মনে হয়, কোথাও পড়েছিলাম, জানিনা কতবার
কিন্তু ওই সুন্দর পংক্তিটা নিয়ে আমি রোমন্থন করতে শুরু করেছি
যেন একটা মিছরির টুকরো যা আমার পরিবর্তনের সাপেক্ষে দেওয়া হয়েছে
২৪X৭ ভদকার বোতলের প্রান্তে
যা ট্যাক্সি ড্রাইভারদের রঙিন বাক্সে ঘুমিয়েছে
আর সেই বাজনাদার মানুষটি অভিশাপ দিয়ে গেছে আমায়
আমি তাকে শেষবার সেই গানটির সুরই বাজাতে বলেছি
সেই একটিমাত্র গানই সে জানে, যা আদতে
সে ঘন্টাখানেক আগে শিখেছে
আমি তাকে ব্যাখ্যা করি যে, আমি ঘুমোই নি


(কবিকৃত ইংরেজি অনুবাদের মধ্যস্থতায় অনুবাদ করেছেন উষ্ণিকের সম্পাদক)

ড্যান সোশিউ-এর জন্ম ১৯৭৮ সালে, রোমানিয়ার বোতোসানি শহরে। শূন্য দশকের একেবারে গোড়াতে সোশিউ এবং তাঁর কবি-বন্ধুরা 'মিসারেবিলিজম্‌' নামে এক কবিতা আন্দোলন শুরু করেন। ইউরোপের একাধিক ভাষাতে অনূদিত হয়েছে তাঁর কবিতা। 

কাশফুলের মাসের কবিতা ৬

Related image

ঈশ্বরমূল
            -তন্ময় ধর 

তোমার নাভি থেকে ঈশ্বর নামক এক শূন্যতাকে আমি ভেঙে ফেলি
সামনে বিষাক্ত ছায়াপথ, জল, মৃত ছাতিম

শব্দের পর শব্দের পারফিউম থেকে
তোমার রক্তচন্দন ফুরিয়ে আসছে

অর্ধেক শস্যের মতো প্রেম
লিখতে লিখতে আলো

মূর্তি ভারী হয় শাকভাত, পরজন্ম ও প্রদীপে
নদী ও স্প্যামে ফেলে রাখা কোন ঝিনুক

আমিও ঈশ্বরের মতো উত্তপ্ত হয়ে উঠি
আকাশমন্ডলে কি আর একটু বৈখরী নেই ?




(ছবিঃ পল উইলসন) 

কাশফুলের মাসের কবিতা ৭

The triangular glow of the zodiacal light taken from the European Space Agency's La Silla Observatory in Chile in September 2009 only minutes after sunset.


আর্তি
             -বিপ্লব গঙ্গোপাধ্যায়

যে ভেজার কোন উপমা নেই
উপশম গন্ধ নিয়ে  গড়িয়ে যাচ্ছে একটি বিকেল
তার গায়ে সুর্যাস্ত লটিকে দেওয়ার আগে  একবার স্থির হয়ে বসি

ছবিও সাঁতরে যাচ্ছে দূরত্বের  খেলাঘর
 একটু চীৎকার নিয়ে প্রাণপণ শব্দভেদী আশ্রয়ের আশ্চর্য আকাশ
ফালাফালা করে এই আত্মঘাতী দিন

কীরকম ভাবে এই ধ্বনিগুচ্ছ  আমাকেই অতিক্রম করে ।

(ছবিঃ ইউরোপীয় দক্ষিণী পর্যবেক্ষণাগার) 

কাশফুলের মাসের কবিতা ৮

The Milky Way over the Elbe Sandstone Mountains in Germany.

জানালার ওপারে
                   -শিবু মণ্ডল  

তৈরি হতে থাকা একটা জানলা
অনেকগুলো দৃশ্য গড়ে তোলে
অভিমানে পড়ে থাকা মন্দির
অহং-এ বেঁকে যাওয়া হাওয়া
ক্ষুধার মতো অসম লড়াই

বিবিধ দানাসশ্যে সাজানো কথা
তুলে ধরে কাঁঠালফুলের স্মৃতি

কারা যেন চেপে ধরে রথের চাকা

(ছবিঃ ফিলিপ জাইগার)

কাশফুলের মাসের কবিতা ৯

Astronomy Photography of the Year shortlist Milky Way photo

রুতবা
            -নীলিমা দেব

১.
কুমারী রাত
মথ এর মতো চুইয়ে পড়ে কুয়াশা
কে যেন এক কাপড়ে ঢেকে দিচ্ছে শহর
জায়গাটা , সময়টা একেবারে ফুঁ
ভাবছি হারিয়ে যাওয়াটাই আবিষ্কার
নাও শাসন করো ঘর থেকে আলাদা হয়ে যাওয়া বারান্দার রুতবা

২.
মাঝেমাঝে এভাবেই তুমি
আলাপ ছেড়ে ইঙ্গিতে
হতে পারতো কোন উৎস বিসর্জন আগলে
উজার করে দেয় স্রোত
আর ভাসতে ভাসতে একাকী হয়ে ওঠে আরও বাসী আলো
তারপর যা কিছু অকারন
সেটুকুই ফিরে দেখা
মিথ থেকে মিথস্ক্রিয়ায় টপকে টপকে পড়ে অন্ধকার তরল ...

(ছবিঃ যেজ হিউজেস)

কাশফুলের মাসের কবিতা ১০

Astronomy Photography of the Year shortlist panorama of 8 photos

সাধ
           -রাজেশ শর্মা



নিয়নের অসংখ্য ডানা
প্রহরে প্রহরে তারা নিয়নলগ্ন

হাওয়াছাতিম এক
জংলা কইতরের মত দানা দান ভুখ

পিঁড়ি পেতেছি
গরাস গরাস ইচ্ছে

রিনটিন চুড়ির শব্দে
স্বাদ স্বাদ ভাব

(ছবিঃ কার্লোস তুরিয়েঞ্জো)

কাশফুলের মাসের কবিতা ১১

Astronomy Photography of the Year shortlist Cable Bay photo

ধাইর*
              -সু চক্রবর্তী


তোষকের তফাতে চলে

কানাঘুষো।

তঞ্চকের শিয়রে

কুলুঙ্গির ফাঁকসমান  চুলা,
আমাদের লংকার মতো
তারও
গাঁটে গাঁটে ইটমাটি ভাঙা বাঁশ।

মালোই*
জুড়ে অযোধ্যা!

সীতাহরণ ;ব্যসন বালিশের

বিছানায়
----

বি.দ্র-

ধাইর- বারান্দা
মালোই- নারকেল মালা
-------------------------------------
(ছবিঃ মার্ক জী)